ধরমপাশায় শিক্ষক-সংকটে ধুঁকছে ১৭টি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি বিদ্যালয়ে একজন করে শিক্ষক আছেন। আর ১৩টি বিদ্যালয় চলছে মাত্র ২ জন করে শিক্ষক দিয়ে। শিক্ষক-সংকটের কারণে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০টি ইউনিয়নে ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আরও ৯০টি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, এ উপজেলায় পুরোনো ও নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৬০টি এবং সহকারী শিক্ষকের ১০২টি পদ শূন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলার সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৬ জন শিক্ষার্থী। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চারজন থাকার কথা। প্রধান শিক্ষকের পদটি এক যুগ ধরে শূন্য। গত বছরের জুলাই মাসে একজন শিক্ষক বদলি হয়ে যান আর ডিসেম্বরে আরেকজন শিক্ষক প্রশিক্ষণে চলে যান। এখন এক সহকারী শিক্ষক দিয়েই বিদ্যালয় চলছে।
উপজেলার দিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঙালভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা চলছে। এই ৩ বিদ্যালয়ে ৪৮০ জন শিক্ষার্থী পড়াশোনা করে।
আরও ১৩টি বিদ্যালয়ে ২ জন করে শিক্ষক আছেন। এর মধ্যে একটি বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজীব রঞ্জন তালুকদার বলেন, এই বিদ্যালয়ে ২৬৮ জন শিক্ষার্থী রয়েছে। সাতজন শিক্ষকের বিপরীতে দুই বছর ধরে তাঁরা দুজন শিক্ষক আছেন। একই সময়ে একাধিক ক্লাস নিতে হচ্ছে। এ কারণে পাঠ্যসূচি শেষ করা যায় না।
এ ছাড়া বাগবাড়ী, নূরপুর, দয়ালপুর, চাপাইতি, বিশারা, আরিফপুর, শাহাপুর, বাকাতলা, খলাপাড়া, প্রতাপপুর, সুখাইড়, আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন করে শিক্ষক আছেন।
বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল বারেক বলেন, এই বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ২ জন। প্রধান শিক্ষকসহ তিনটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি বিষয়টি জানিয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ বলেন, যত শিগগির সম্ভব শিক্ষকের শূন্যপদগুলো পূরণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।