ধরমপাশায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কর্মরত সাংবাদিকদের তথ্য সন্ত্রাসী, চাঁদাবাজ-দুর্নীতিবাজ আখ্যায়িত করে গতকাল বুধবার সেখানে একটি মানববন্ধন হয়েছে। মানববন্ধনের ব্যানারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান লেখা থাকলেও মুক্তিযোদ্ধা ছিলেন মাত্র দুজন। এর বাইরে স্থানীয় জনতা উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে এনে দাঁড় করানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যানারে অন্য নাম থাকলেও মানববন্ধনের মূল আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জনতা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর কবীর। ২৬ মার্চ উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আলমগীরের নেতৃত্বে হামলার শিকার হন প্রথম আলোর ধরমপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ। এ ঘটনায় সালেহ আহমদ বাদী হয়ে আলমগীর কবীরসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এর আগে ধরমপাশায় উদীচী শিল্পীগোষ্ঠীর গণজাগরণ মঞ্চে আলমগীর কবীরের নেতৃত্বে হামলা হয়। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর থেকে তিনি ধরমপাশার সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ ছিলেন। গতকাল বেলা ১১টা থেকে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। মানববন্ধনে উপস্থিত একাধিক শিক্ষার্থী সাংবাদিকদের জানায়, তাদের বলা হয়েছে বিদ্যালয়ের সভাপতির ওপর মিথ্যা মামলা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন না করলে বিদ্যালয়ের অনেক ক্ষতি হয়ে যাবে। এ জন্য শিক্ষকেরা তাদের নিয়ে এসেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধনে আমরা শিক্ষার্থীদের নিয়ে অংশ নিয়েছি।’ পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নিয়ে যাওয়া ঠিক হলো কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু তিনি আমাদের সভাপতি, এ জন্য আমরা গিয়েছি।’ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বলেন, ‘আমি মানববন্ধনের আয়োজন করিনি। মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা।’