ধরমপাশায় শিডিউল জমা দিতে যুবলীগ কর্মীর বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এলজিইডি কার্যালয়ের ভেতরে দরপত্রের শিডিউল জমা দিতে গিয়ে যুবলীগের কর্মীর বাধার সম্মুখীন হয়েছেন স্থানীয় ঠিকাদারের দুজন প্রতিনিধি। এ সময় ওই দুই প্রতিনিধির কাছ থেকে শিডিউল কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন যুবলীগের কয়েকজন কর্মী। তাঁদেরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।উপজেলা প্রকৌশলীর কার্যালয়, নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এলজিইডির কার্যালয়ের অধীনে উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং শ্রেণীকক্ষ সমপ্রসারণের জন্য তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। গত মঙ্গলবার শিডিউল বিক্রি ও গতকাল বুধবার দুপুর একটার মধ্যে তা জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল।গতকাল দুপুর ১২টায় ঠিকাদার রাইসুল আনোয়ারের পক্ষে তাঁর ভাগনে মোবারক হোসেন ও ঠিকাদার মো. জহিরুল ইসলামের পক্ষে তাঁর ছোট ভাই রয়েল মিয়া শিডিউল জমা দিতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী নাদির আহমেদ, মুজিবুর রহমানসহ সাত-আটজন কর্মী তাঁদেরকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক ও রয়েল মিয়া কার্যালয়ের ভেতরে ঢুকলে যুবলীগের কর্মীরা তাঁদেরকে কিল-ঘুষি মারতে মারতে কার্যালয়ের বাইরে নিয়ে আসেন। এরপর যুবলীগের কর্মীরা তাঁদের কাছ থেকে শিডিউল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ অবস্থায় আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে মোবারক ও রয়েলকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঠিকাদার রাইসুল আনোয়ার বলেন, ‘স্থানীয় যুবলীগের কয়েকজন কর্মী আমাদের লোকজনকে দরপত্র বাক্সে শিডিউল জমা দিতে দেয়নি। তাঁরা আমাদের লোকজনকে মারধর করে শিডিউল ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও ইউএনওকে জানিয়েছি।’যুবলীগের কর্মী নাদির আহমেদ ও মজিবুর রহমান তাঁদের লোকজনদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা শিডিউল জমা দিতে কাউকে বাধা দিইনি বা কাউকে মারধরও করিনি। দলীয় ভাবমূর্তি নষ্ট করতে আমাদের বিরুদ্ধে তারা মিথ্যে নাটক সাজিয়েছে।’ উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী বলেন, ‘আমি দুপুরে একটি বেসরকারি সংস্থার সভায় ছিলাম। এ সময় রাইসুল আনোয়ার নামের এক ঠিকাদার আমাকে ফোন করে জানিয়েছেন, তাঁরা শিডিউল জমা দিতে পারেননি। তবে এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম বলেন, ‘আমি দাপ্তরিক কাজে উপজেলা সদরের বাইরে আছি। এ-সংক্রান্ত কোনো খবর আমি পাইনি।’