ধরমপাশায় সরকারি পুকুর ভরাট করে ঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগরে সরকারি পুকুরের একাংশ ভরাট করে ঘর নির্মাণ করা হচ্ছে। মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের এক নেতা এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়লাগোয়া ওই পুকুরের আয়তন এক একর ৯৫ শতক। অর্ধশত বছর আগে মধ্যনগর বাজারটির প্রতিষ্ঠাকালে এটি খনন করা হয়। দীর্ঘদিন আশপাশের লোকজন দৈনন্দিন কাজে পুকুরটি ব্যবহার করছিলেন। কিন্তু কয়েক বছর ধরে এটি সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে এর গভীরতা অনেক কমে গেছে।এলাকাবাসীর অভিযোগ, ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের আপন ছোট ভাই মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও চাচাতো বোনের জামাই আওয়ামী লীগের কর্মী কুতুব উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন লোক এক সপ্তাহ ধরে পুকুরটির একাংশ (প্রায় ১৫ শতক) বালু ফেলে ভরাট করেন। গত সোমবার সকালে তাঁরা ভরাট করা জায়গায় বাঁশ ও টিনের একটি ঘর তৈরির কাজ শুরু করেন। ওই দিন স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পুলিশ ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের লোকজন সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন। দুই ঘণ্টা পর আবার ঘর নির্মাণের কাজ শুরু করা হয় এবং তা চলে মঙ্গলবার সকাল পর্যন্ত।মধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ তালুকদার বলেন, সরকারদলীয় কিছুসংখ্যক নেতা-কর্মী পুকুরটির একাংশ ভরাট করেছেন। এ কারণে এখানকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হবে। কারা এ ঘটনায় জড়িত—জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন, ‘কার কথা বলব বলুন, ওরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ওদের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। তবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।’ব্যবসায়ী নেতা পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন। আওয়ামী লীগের কর্মী কুতুব উদ্দিন পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরলাগোয়া মহিলা মার্কেটের একটি সড়ক রয়েছে। সড়কটি রক্ষার্থে পুকুরের কাছাকাছি কিছু বালু ফেলা হয়েছে।মধ্যনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আরমান আলী বলেন, পুকুর ভরাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে মঙ্গলবার সকালে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এ সংক্রান্ত প্রতিবেদন পেয়েছি। সরকারি সম্পত্তি রক্ষায় মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।