ধরমপাশায় সাত দিন ধরে সার পাচ্ছেন না কৃষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কৃষকেরা ডিলারের গুদাম থেকে সাত দিন ধরে সার সংগ্রহ করতে পারছেন না। ফলে চলতি বোরো মৌসুমে চাষাবাদের জন্য এখানকার কৃষকদের বীজতলা তৈরি কার্যক্রম ও সবজি চাষাবাদ ব্যাহত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে সার বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নে নিয়োজিত বিসিআইসি সার ডিলার মো. আনোয়ার হোসেনের ধরমপাশা বাজারের গুদাম থেকে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আবদুল খালেক নামের এক কৃষক স্থানীয় এলাকার কৃষক পরিচয় দিয়ে সাত বস্তা ইউরিয়া ও এক বস্তা এমওপি সার কেনেন। সার অন্যত্র পাচার হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ইউএনও সরেজমিনে মহদীপুর বাজারের সামনে থেকে ওই আট বস্তা সার আটক করেন। এ সময় ভুয়া পরিচয়দানকারী ওই কৃষককে ছেড়ে দেন।উপজেলা কৃষি কর্মকর্তা ওই ডিলারকে মুঠোফোনে ঘটনাস্থলে যেতে বলেন এবং সেখানে ইউএনওর নির্দেশে পুলিশ ডিলারকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে রাত আনুমানিক ১১টায় ইউএনওর নির্দেশে পুলিশ আনোয়ার হোসেনকে নিয়ে তাঁর বাসভবনে যায়। সেখানে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার পাল, থানার উপপরিদর্শক মোল্লা খালিদ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান, চামরদানী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদারসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ইউএনও অন্যত্র সার বিক্রির অপরাধে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এই শাস্তির বিরুদ্ধে ডিলার কোনো ব্যবস্থা নিতে পারবেন না, এ মর্মে ১৫০ টাকার স্ট্যাম্পে সই নিয়ে ডিলারকে সার বিক্রি বন্ধ রাখতে মৌখিকভাবে নির্দেশ দেন। এর পর থেকেই সার বিক্রি বন্ধ থাকায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয় এলাকার কৃষক পরিচয় দেওয়ায় আমি সরল বিশ্বাসে ওই কৃষকের কাছে আট বস্তা সার বিক্রি করেছি। ইউএনও স্যারের মৌখিক নির্দেশে কৃষকদের কাছে সার বিক্রি করতে পারছি না। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাশাপাশি কৃষকেরাও সার না পেয়ে আমাকে কটু কথা বলছেন।’মাইজবাড়ী গ্রামের কৃষক সিরাজুল ইসলাম, রাবেল মিয়া, সলপ গ্রামের কৃষক আবিদ মিয়াসহ একাধিক কৃষক জানান, ডিলারের কাছ থেকে সময়মতো সার সংগ্রহ করতে না পারায় চাষাবাদে তাঁদের ক্ষতি হচ্ছে।সেলবরষ ইউপির চেয়ারম্যান মো. আলী আমজাদ জানান, কয়েক দিন ধরে কৃষকেরা ডিলারের কাছ থেকে সার নিতে পারছেন না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।দ্বীপক কুমার পাল সার বিক্রি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।ইউএনও মোহাম্মদ কামাল হোসেন জানান, পার্শ্ববর্তী উপজেলার কৃষকের কাছে সার বিক্রির অভিযোগে ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা ও তাঁর কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করেছি। কোনো অনিয়ম করিনি।’সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’