ধরমপাশায় সুনই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই নদীতে ড্রেজার মেশিন স্থাপন করে এক সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বালু ব্যবহার করা হচ্ছে সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণকাজে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় নদী ও সেতুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলার সুনই নদীর ওপর কয়েক বছর ধরে একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অমল চৌধুরী ওরফে হাবুল। এ সড়ক নির্মাণের জন্য এক সপ্তাহ ধরে তিনি লোকজন নিয়ে সেতুর অদূরে সুনই নদীতে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না।অপরিকল্পিতভাবে কোথাও গভীর কোথাও অগভীরভাবে নদী খননের কারণে মৎস্যসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। নাব্যতা হ্রাস পাবে। এ ছাড়া নদীতীরে ভাঙন দেখা দিতে পারে এবং আশপাশের বোরো ফসলের সেচসুবিধা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্রেজার মেশিনের মালিক নিকসন মিয়া বলেন, ‘এভাবে নদী থেকে বালু উত্তোলন করলে নদীটির ক্ষতি হবে কি না, তা তিনি জানেন না। ঠিকাদার যেভাবে নির্দেশ দিচ্ছেন আমিও সেভাবেই কাজ করে যাচ্ছি।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী, সেতু নির্মাণকাজের তদারকি কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, ‘ঠিকাদার কোন স্থান থেকে বালু এনে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করবে সেটি দেখার বিষয় আমার নয়।’ তবে নদী থেকে বালু উত্তোলন করলে সেতুটির কোনো রকম ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।সংযোগ সড়ক নির্মাণকাজের ঠিকাদার যুবলীগ নেতা অমল চৌধুরী বলেন, ‘আমি ক্ষমতার কোনো প্রভাব খাটাইনি। সুনই নদীটির বেশ কিছু জায়গায় চর পড়ে গেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলেই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।’