ধরমপাশায় সেতু না থাকায় ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ-মহিষাখালী বাজার সড়কে উত্তরবীর গ্রামসংলগ্ন মনাই নদের ওপর একটি সেতু না থাকায় এখানকার ১০টি গ্রামের মানুষকে বর্ষা ও শুষ্ক মৌসুমে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে সারা বছর সেলবরষ ইউনিয়নের উত্তরবীর, ভাটাপাড়া, সলপ, রংপুর, পালপাড়া গ্রামের এবং শুষ্ক মৌসুমে পার্শ্ববর্তী পাইকুরাটি ইউ-নিয়নের নহলখলা, বড়ই, হিজলা, রায়পুর, রাজাপুর, বালিজুড়ী গ্রামের লোকজন চলাচল করে থাকে। কিন্তু উত্তরবীর গ্রামসংলগ্ন মনাই নদের ওপর সেতু না থাকায় বর্ষা মৌসুমে নৌকা দিয়ে এপার থেকে ওপারে লোকজনকে চলাচল করতে হয়। তাই মাঝেমধ্যে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আর শুষ্ক মৌসুমে বাঁশের চাটাই বিছানো সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লোকজনকে যেতে হয় বলে বহু বছর ধরে সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। উত্তরবীর গ্রামের মুক্তিযোদ্ধা নূর হোসেন বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পেরিয়ে গেলেও সেতুটি নির্মাণের ব্যাপারে কোনো সরকারের আমলেই পদক্ষেপ নেওয়া হয়নি। সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, ‘জনগণের এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলেছি এবং শিগগিরই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।’উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধুরী বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে। এ কাজের ঠিকাদার নির্বাচিত হলে শিগগিরই সেতু নির্মাণের কাজ শুরু করতে পারব বলে আমরা আশাবাদী।’স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণ করা হবে, এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। তাই নির্বাচিত হওয়ার পরপরই এ সেতুটি নির্মাণের ব্যাপারে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি এটি বাস্তবায়ন করার যথাযথ পদক্ষেপ নিয়েছি। আশা করছি, অবিলম্বে সেতুটির নির্মাণকাজ শুরু হবে।’