ধরমপাশায় সেতুর ওপর যানবাহনের স্ট্যান্ড
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কংস সেতুর ওপর ছয় মাস ধরে অটোরিকশা, ভটভটি, মোটরসাইকেল ও রিকশা রাখা হচ্ছে। সেতুটিকে যানবাহনের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করায় বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা।
সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পাখি সিংহ বলেন, ১৯৯৯ সালে সড়ক ও জনপথ বিভাগ সেতুটি নির্মাণ করে। পাকা এ সেতুটি দৈর্ঘ্যে ১০২ মিটার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর ওপরের দুই পাশে প্রায় ২৫টি যানবাহন রাখা হয়েছে।
পাঁচজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধরমপাশা ও পাশের মোহনগঞ্জ উপজেলার সংযোগপথ এ কংস সেতু। ছয় মাস ধরে সেতুর ওপর অটোরিকশা, ভটভটি, মোটরসাইকেল ও রিকশার অস্থায়ী স্ট্যান্ড গড়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেতুর দুই পাশে যানবাহনের জটলা লেগেই থাকে।
চারজন যানবাহনচালক বলেন, সেতুর ওপরে বেশি যাত্রী পাওয়া যায়। আর স্ট্যান্ডের জন্য অন্য কোনো জায়গাও নেই। তাই তাঁরা এখানে গাড়ি রাখেন।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, সেতুর ওপর যানবাহন না রাখার জন্য চালকদের বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সেতুর ওপর স্ট্যান্ড গড়ে ওঠার বিষয়টি সম্পূর্ণভাবে বেআইনি। এটা সরিয়ে ফেলতে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।