ধরমপাশায় সোমেশ্বরীর জায়গায় ভবন নির্মাণ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার লাগোয়া সোমেশ্বরী নদীর তীরের একাংশ দখল করে কয়েক দিন ধরে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগর মধ্যবাজারে ব্যবসায়ী শকুলাল বণিকের নিজস্ব একটি ধানের আড়ত রয়েছে। সপ্তাহখানেক আগে ওই আড়তের পেছনে সোমেশ্বরী নদীর একাংশের প্রায় দুই শতক সরকারি জায়গা দখল করে বালু, পাথর, রড, ইটসহ নানা সরঞ্জাম রাখা হয়। গত শনিবার সকাল থেকে সেখানে কয়েকজন শ্রমিক পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে মধ্যনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মধ্যনগর বাজারটি উপজেলার মধ্যে বৃহত্তম। এই বাজার থেকেই সরকার প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব পায়। বাজারটির জায়গার দামও অনেক চড়া। তাই স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে যে যার মতো করে সরকারি জায়গা দখল করছে।
গতকাল দুপুর ১২টায় সেখানে গিয়ে দেখা যায়, সোমেশ্বরী নদীর তীরের বেশ কিছু জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ করছেন চারজন শ্রমিক। তাঁদের একজন বোরহান উদ্দিন বলেন, ‘ঘরের মালিক আমরারে যেইভাবে কইতাছইন আমরাও হেইভাবেই কাম করতাছি।’
মধ্যনগর বাজার আড়তদার কল্যাণ সমিতির সদস্য ব্যবসায়ী শকুলাল বণিক দাবি করেন, ‘আমার ধানের আড়তটি সোমেশ্বরী নদীর তীরে। তাই বর্ষা মৌসুমে ঢেউয়ের কবল থেকে সেটি রক্ষার জন্য প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করছি। নদীর একাংশের সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগটি সঠিক নয়।’
মধ্যনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. জামাল হোসেন বলেন, সোমেশ্বরী নদীর তীরের সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর গতকাল বেলা তিনটায় প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। সরকারি জায়গা দখল করে কেউ ভবন নির্মাণ করলে সেটি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’