ধরমপাশায় স্কুল শিক্ষক অপহূত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের একতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নগদাপাড়া গ্রামের বাসিন্দা চন্দন সরকারকে (৪০) সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় চন্দনের বাবা জগদীশ চন্দ্র সরকার অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার মধ্যনগর থানায় মামলা করেছেন।এলাকাবাসী, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে নিজ বসতঘরে স্ত্রী-সন্তান নিয়ে চন্দন সরকার ঘুমিয়ে থাকা অবস্থায় ১০-১২ জনের সংঘবদ্ধ এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় চন্দনের স্ত্রী ও সন্তানেরা চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তাদের লাঠি দিয়ে মারধর করে সন্ত্রাসীরা। এ সময় চন্দনের বাবা পাশের কক্ষ থেকে এলে তাঁকেও মারধর করে দুর্বৃত্তরা। এরপর দ্রুত চন্দনকে টেনেহিঁচড়ে বাড়ি লাগোয়া কাইলানি হাওরঘাটে ভিড়িয়ে রাখা ট্রলারে তুলে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল বেলা আড়াইটায় সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) এ কে এম গণিউজ্জামান লস্কর ঘঠনাস্থল পরিদর্শন করেছেন। চন্দনের স্ত্রী অর্চনা সরকার বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন যে ওরা আমার স্বামীকে ধরে নিয়ে গেল বুঝতে পারছি না।’ মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা হয়েছে।