ধরমপাশায় হাওরে নৌকাডুবি নিখোঁজ ৪
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সোনামড়ল হাওরে গতকাল শনিবার একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় শিশু ও নারীসহ চারজন নিখোঁজ হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার জাড়াকোনা গ্রাম থেকে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা ধরমপাশা বাজারের উদ্দেশে রওনা হয়। নৌকাটি সোনামড়ল হাওরের মধ্যবর্তী স্থানে এলে ঝড়ের কবলে পড়ে সেটি উল্টে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন নৌকা নিয়ে যাত্রীদের উদ্ধার করলেও রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।নিখোঁজ ব্যক্তিরা হলেন: নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামাইকোনা গ্রামের নাজমা আক্তার (৩০), জয়া আক্তার (৬), আবদুস সালাম (৩৫) ও একই জেলার বারহাট্টা উপজেলার চিরামপুর গ্রামের সবুজা আক্তার (৪৬)। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম গতকাল রাত নয়টায় প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ পর্যন্ত চারজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি জানান, সুনামগঞ্জ থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।