ধরমপাশায় হ্যাজাক লাইটের আলোতে চলছে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওর এলাকার কুর্শিবাড়ী গ্রামের সড়কের খানিকটা পশ্চিমে একটি পরিত্যক্ত বাড়িতে দুই মাস ধরে জুয়ার আসর চলছে। প্রশাসন বিষয়টি জানলেও এটি বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় পুলিশ জুয়াড়িদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা নিয়ে এ আসর চালু রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী গ্রামের সড়কের খানিকটা পশ্চিমে একটি পরিত্যক্ত বাড়িতে দুই মাস ধরে সপ্তাহে বুধ ও শনিবার দুদিন ওয়ানটেন নামক জুয়ার আসর বসে। সুনই ও কুর্শিবাড়ী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, প্রতি জুয়ার আসরে পুলিশকে পাঁচ হাজার টাকা মাসোহারা দিতে হয়।থানার কোষাধ্যক্ষ নামধারী ফরিদ মিয়া নামের এক কনস্টেবল নিজে গিয়ে জুয়াড়িদের কাছ থেকে টাকা নিয়ে আসেন। এ অবস্থায় এলাকায় প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।তবে ফরিদ মিয়া এ-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক স্কুলশিক্ষক বলেন, অবাধে জুয়ার আসর চলতে থাকায় রাতে ঠিকমতো ঘুমানো যায় না এবং চলাচল করতেও ভয় হয়। জুয়াড়িরা প্রভাবশালী হওয়ায় কেউ এর প্রতিবাদ জানাতে সাহস পাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া প্রয়োজন। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ‘আমি সব সময়ই অসামাজিক কার্যক্রমের ঘোরবিরোধী। জুয়ার আসর বন্ধে দ্রুত যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’ ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ জুয়াড়িদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগটি সঠিক নয়। এখানে জুয়ার আসর চলছে, এ-সংক্রান্ত কোনো অভিযোগ আমরা পাইনি। খোঁজ নিয়ে এটি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’