ধরমপাশায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর বাজার ও বাজার সংলগ্ন এলাকায় আগামীকাল রোববার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা একই স্থানে দলীয় কর্মসূচি আহ্বান করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে সোয়া চারটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করা হয়।
দুই পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক চৌধুরী সমর্থিত উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা কাল রোববার সকাল ১১টায় উপজেলা সদর বাজারের গরুহাট্টা এলাকায় উপজেলা বিএনপির সম্মেলন আহ্বান করে। অন্যদিকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত ধরমপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালিব খানের সমর্থক নেতা-কর্মীরাও একই স্থানে উপজেলা বিএনপির সম্মেলন আহ্বান করেছেন। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল (রোববার) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধরমপাশা সদর বাজার ও বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ​ থাকবে।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি খুবই উত্তপ্ত থাকায় জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্মসূচির স্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, একই স্থানে একই সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।