প্রায় ১৮ বছর পর গতকাল শনিবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে। তবে এতে জেলা ছাত্রলীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।স্থানীয় জনতা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকালে আয়োজিত এ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের পাশা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন।দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদ ও বর্তমান সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে ১৯৯১ সালের ২১ ডিসেম্বরের পর উপজেলা ছাত্রলীগের কোনো সম্মেলন হয়নি। ওই সম্মেলনের আট বছর পরে ১৯৯৯ সালের ১০ জানুয়ারি স্থানীয় উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে এক সভায় ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এত দিন ওই কমিটিই কার্যক্রম চালিয়ে আসছিল।গতকালের সম্মেলনে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জীতেন্দু তালুকদার, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বক্তব্য দেন।সম্মেলনে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও মুন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ বলেন, জেলার রাজনীতি দুই ধারায় বিভক্ত থাকায় এত দিন সম্মেলন করা সম্ভব হয়নি। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আজ (শনিবার) ধরমপাশা উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে বলে আমাদের জানানো হয়েছে। তবে আমন্ত্রণ জানানো হয়নি। এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’