ধরমপাশায় ২০ গ্রামের তিন শতাধিক গরু খুরারোগে আক্রান্ত
সুনামগঞ্জের ধরমপাশায় খুরারোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১৫ দিনে উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের ২০টি গ্রামে তিন শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে খুরারোগের প্রতিষেধক না থাকায় এ রোগের চিকিৎসাও দেওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, সেলবরষ ইউনিয়নের উত্তর বীর, দক্ষিণ বীর, মাইজবাড়ি, সলফ, খলাপাড়া, ভাটাপাড়া, মির্জাপুর, গাবী, কাকিয়াম, শরিসাম, মাটিকাটা; পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি, বৌলাম, রাজাপুর, রায়পুর, সুনই, বাখরপুর, চকিয়ারচাপুর, নখলখলা, হিজলা গ্রামে গত ১৫ দিনে তিন শতাধিক গরু খুরারোগে আক্রান্ত হয়েছে। রায়পুর গ্রামের কৃষক মো. মহব্বত আলী (৪০) ও বীর দক্ষিণ গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৭) বলেন, গত সপ্তাহে দুই দিন হাসপতালে গরু নিয়ে গেলে জানানো হয়, ভ্যাকসিন শেষ হয়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, চাহিদার তুলনায় ভ্যাকসিন সরবরাহ কম থাকায় আক্রান্ত গরুর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।