ধরমপাশায় ৪১টি টেলিফোন ফের সচল
সুনামগঞ্জের ধরমপাশায় ২৭ দিন বিকল থাকার পর টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের অধীন সব কটি টেলিফোন গতকাল রোববার সচল হয়েছে।
ধরমপাশা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের অধীন সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি পর্যায়ে ৪১টি টেলিফোন সংযোগ রয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ফ্যাক্স রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ উপজেলার টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ গত ১৫ জানুয়ারি থেকে বন্ধ ছিল। এ বিষয়ে ২৬ জানুয়ারি প্রথম আলোয় ‘ধরমপাশায় যান্ত্রিক ত্রুটির কারণে ৪১টি টেলিফোন বিকল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিটিসিএল ধরমপাশা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের লাইনম্যান আনোয়ার হোসেন বলেন, ধরমপাশা-জামালগঞ্জ রেডিও লিংকের নেটওয়ার্ক খারাপ থাকায় এই উপজেলার সব কটি টেলিফোন এত দিন বিকল ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর বিটিসিএলের মৌলভীবাজার ও কেন্দ্রীয় কার্যালয়ের কর্মীরা গত শনিবার এ কার্যালয়ে আসেন। তাঁরা এখানকার টাওয়ারের ত্রুটি শনাক্ত করেন এবং মেরামত করেন। গতকাল সকাল সাড়ে নয়টা থেকে উপজেলার সব কটি টেলিফোন ফের সচল হয়েছে।