ধরমপাশায় ৫০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাড়িয়া বেড়িবাঁধটি গত বৃহস্পতিবার দুপুরে ভেঙে গেছে। এতে ৫০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে।এলাকাবাসী জানান, পিআইসি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজন সময়মতো বাঁধের কাজ না করায় বাঁধ ভেঙে গেছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় পাঁচ শতাধিক মানুষ ওই বাঁধের খানিকটা দক্ষিণ-পূর্বদিকে ডুবাইল হাওরের দাইড়ে মাটি, বস্তা, বাঁশ পুঁতে বিকল্প বাঁধ তৈরি করে হাওরের ফসল রক্ষার চেষ্টা করেছেন। পানি যদি আর দুই থেকে তিন ফুট বেড়ে যায়, তাহলে প্রায় ১৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ধরমপাশার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সুজাউদ্দোল্লা জানান, বাঁধের কাজ ঠিকমতো না হওয়ায় গত বৃহস্পতিবার জোয়ার ও ঢলের পানির চাপ বেড়ে যাওয়ায় মারাদাড়িয়া বেড়িবাঁধের দক্ষিণ অংশ ভেঙে গিয়ে মারাদাড়িয়া ও শয়তানখালী হাওরের প্রায় ২০০ হেক্টর এবং জামালগঞ্জ ও মোহনগঞ্জ উপজেলার শেরখাল, ফালজির দাইড় ও ফেরার খেও হাওরের প্রায় ৩০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, পিআইসি ও পাউবোর কোনো কর্মকর্তাকে এক সপ্তাহ ধরে এ বাঁধে দেখা যাচ্ছে না। স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ করা হলেও শেষ পর্যন্ত পাঁচটি হাওরের ফসল রক্ষা করা সম্ভব হয়নি। সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন কুমার পাল প্রথম আলোকে বলেন, মারাদাড়িয়া বাঁধটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। এই বাঁধের কাছাকাছি বিকল্প বাঁধটি রক্ষা করতে পিআইসি ও স্থানীয় লোকজনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা বলেন, হাওরের ফসল রক্ষায় উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।