ধরলা ও তিস্তার পানি বিপৎসীমার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের বৃষ্টিতে নীলফামারী শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবিটি গতকাল বিকেলে শহরের বড়মাঠ এলাকা থেকে তোলা l প্রথম আলো
দুই দিনের বৃষ্টিতে নীলফামারী শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবিটি গতকাল বিকেলে শহরের বড়মাঠ এলাকা থেকে তোলা l প্রথম আলো

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ধরলা ও নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদ-নদীগুলোতেও পানি বেড়েছে। এতে জেলা দুটিতে বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় চিলমারীর ব্রহ্মপুত্র পয়েন্টে ১৯৮, ধরলা পয়েন্টে ২০৭ ও তিস্তা কাউনিয়া পয়েন্টে ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গত বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের আশপাশের নিচু এলাকাগুলোতে পানি উঠেছে।
জেলার অধিকাংশ নিচু এলাকায় পানি জমে রোপা ও বোনা আমন খেত তলিয়ে গেছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় জেলার ১৬টি নদ-নদীতে নৌ-চলাচল বন্ধ রয়েছে।
গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছড়ারপাড় গ্রামে গিয়ে দেখা যায়, ধরলা নদীর পানি প্রচণ্ড বেগে ঢুকে উত্তর নেওয়াবশ, চৌধুরীপাড়া, চরসিতাইঝার, মালভাঙা, কদমতলা, টাপুভেলাকোপা গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে গ্রামের ৫০০ মিটার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর জানান, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বেড়ে প্রথম আলো চর, গারুহারা, চরযাত্রাপুর, ভগবতীপুর, দুর্গারচর (আংশিক), গোয়ালপুরি, পার্বতীপুর ও খাসের চর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে দ্রুত পানি বাড়ছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি শুরু হয়েছে ভাঙন। গত দুই দিনে চরযাত্রাপুর ও পার্বতীপুর এলাকায় ২০-২৫টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদ-নদীর পানিও বেড়েছে।
এদিকে গত দুই দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীতে তিস্তা, বুড়ি তিস্তা, চাড়ালকাটাসহ বাকি নদ-নদীগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা জানান, গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।
সরেজমিনে দেখা গেছে, বিরামহীন বৃষ্টির কারণে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি কোথাও কোমরপানি বিরাজ করছে। গতকাল সকাল ৬টা ও সকাল ৯টার দিকে লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডিমলা উপজেলার ডালিয়ায় পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রমতে, বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ওই দিন দুপুর ১২টায় ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে নামে। গতকাল আবারও পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।