ধরলা তীররক্ষা বাঁধটি অবশেষে ভেঙে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছিতে ধরলা নদীর তীররক্ষা বাঁধটি অবশেষে ভেঙে গেছে। গত মঙ্গলবার রাতে এটি ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে পাঁচট গ্রামের বিস্তীর্ণ এলাকার আমনখেত হুমকির মুখে পড়েছে।গতকাল বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু বকর সিদ্দিক এলাকা পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে এখানে কিছুই করার নেই। গভীর গর্তের সৃষ্টি করে ভাঙন চলছে। শুকনো মৌসুমে চেষ্টা করা যেতে পারে।কুড়িগ্রাম পাউবোর কর্মী আমজাদ হোসেন জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ৫০০ মিটার বাঁধের অধিকাংশ স্থান ভেঙে যায়। বাকি যে অংশটি আছে, পানির তীব্র স্রোতে যেকোনো সময় তা সম্পূর্ণ ভেঙে যাবে। ভাঙা অংশ দিয়ে পানি ভেতরে প্রবেশ করে শত শত একর ফসলি জমির আবাদ নষ্ট হয়ে যাবে।কুড়িগ্রাম শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বের এই বাঁধ এলাকায় গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, ধরলা সেতু থেকে কদমতলা পর্যন্ত চার কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। এর মধ্যে নওয়াবশ ও কদমতলার মধ্যবর্তী স্থানে পাউবোর বাঁধের ৫০০ মিটার প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে। বাঁধের আশপাশের গ্রামের লোকজন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। অনেকে রাস্তার দুই ধারের গাছ কেটে ঠাঁই নিচ্ছে।চৌধুরীপাড়ার গৃহস্থ আমজাদ হোসেন জানান, ভাঙন রোধে দীর্ঘদিন এলাকাবাসী দাবি জানিয়ে আসছে। পানিসম্পদমন্ত্রী ও সচিব এলাকা ঘুরে গেলেও ভাঙন রোধে কোনো উদ্যোগ নেননি। সময়মতো ব্যবস্থা নিলে বাঁধটি রক্ষা পেত, মানুষের দুর্ভোগও হতো না। স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে। মানুষের মুখের দিকে তাকানো যায় না। পুরো বাঁধটি রাতেই শেষ হয়ে যাবে। পাউবো কুড়িগ্রাম-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন জানান, এখানকার অবস্থা এত খারাপ যে এ মুহূর্তে কিছুই করার নেই। পানি ঘুরে ঘুরে পাড় ভাঙছে। ভাঙন রোধে অর্থ চেয়ে ঊর্ধ্বতন মহলে বহুবার আবেদন করেও কাজ হয়নি বলে দাবি করেন তিনি। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, নদীভাঙা প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে।