ধরলার পানি আরও বেড়েছে

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গতকাল সোমবার সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। ধরলার পাড়ের ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও তিস্তার অববাহিকার রাজার হাট উপজেলার চর ও নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার, নুন খাওয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার কমেছে।
গতকাল সকালে মোগলবাসা ফেরিঘাট থেকে ধরলা ও ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল পর্যন্ত দেখা যায়, চারদিকে পানি থইথই করছে। প্রবল স্রোতে বিভিন্ন স্থানে বসতভিটা ভেঙে যাচ্ছে। নিচু এলাকার অনেক বাড়িতে এ সময়ের মধ্যেই পানি উঠেছে। সদর উপজেলার চর সিতাই ঝাড়ে হালিমা খাতুন নামে এক নারীকে বাঁশের গোড়া তুলতে দেখা যায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘নদীর ভাঙনে বাড়ি সরায় নিছি। এখন বাঁশের মোড়া (গোড়া) তুলবার নাগছি। খড়ি হইবে।’
বেলা ১১টার দিকে উলিপুর উপজেলার বালাডোবায় গিয়ে দেখা যায়, চরে পানি উঠেছে। নিচু কয়েকটি বাড়িতে পানি ওঠায় পরিবারের সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়িগুলো রোস্তম, আতাউর রহমান, বাসান, কাচ্চু ও বাবুর। রোস্তম বলেন, ‘আমরা আগে সরদার পাড়া হারান গাটু চরে ছিলাম। নদীর ভাঙনে এবার এখানে উঠে এসেছি। বাড়ির ভেতরে এক গলা পানি। খুব কষ্টে আছি।’
মোল্লার হাটের উত্তর ও দক্ষিণ দিক দিয়ে ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙন দেখা দিয়েছে। এ এলাকার বাসিন্দা আব্বাস আলী বলেন, ‘হাট আরও পুব দিকে ছিল। ভাঙতে ভাঙতে এত দূর আসছে। এখানেও ভাঙন দেখা দিছে।’
ধরলার পাড়ের ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও তিস্তার অববাহিকার রাজার হাট উপজেলার চর ও নিচু এলাকার কাঁচা রাস্তা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ। তাদের যোগাযোগের একমাত্র ভরসা কলার ভেলা ও নৌকা।
সদর উপজেলার চর ভেলাকোপার শমসের আলী বলেন, ‘কয়েক দিন থেকে পানি বাড়তেই আছে। ভিটা উঁচু করার পরও বাড়িতে পানি ঢুকে পড়ছে। কোথাও বের হতে পারছি না। কাজও চলছে না। ছেলে-মেয়ে নিয়ে বিপদে আছি।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যাকবলিত পরিবারের মাঝে ৮ হাজার ৪ শত ৪৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে; যা ঈদের আগে বিতরণ করা হবে। এ ছাড়া শুকনা খাবারের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান বলেন, ‘ধরলা নদীর পানি বৃদ্ধি পেলেও অন্যান্য নদ-নদীর পানি কিছুটা কমছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ‘আমরা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ পেয়েছি।’