যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু তোলা দেখেন। গতকাল রোববার সকালে অবৈধভাবে বালু বিক্রির সময় মন্ত্রী একজনকে ধরে হাতেনাতে পুলিশে সোপর্দ করেন। সন্ধ্যায় মুচলেকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে গেছেন বালু ব্যবসায়ী এক আওয়ামী লীগ কর্মী।মন্ত্রী ও তাঁর সহযোগী ব্যক্তিরা জানান, মন্ত্রী স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গত শনিবার রাতে মেঘনাঘাট এলাকায় নদী তীরবর্তী একটি শিল্পপ্রতিষ্ঠানের ডাকবাংলোয় অবস্থান নেন। রাত তিনটায় তিনি ওই ডাকবাংলোর ছাদে উঠে দেখতে পান, মেঘনা সেতুর কাছাকাছি স্থান থেকে খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। গতকাল সকাল নয়টায় মন্ত্রী মেঘনাঘাটে গিয়ে অবৈধভাবে বালু বিক্রির সময় ফজলুল হক নামের একজনকে হাতেনাতে ধরে পুলিশে দেন। এ সময় মন্ত্রী অবৈধভাবে বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন ১৩ জনকে চিহ্নিত করে নদীর তীরে বিক্রির জন্য মজুত করে রাখা অবৈধ বালু তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘মাত্র কয়েক মাস আগে মেঘনা সেতু মেরামত করেছি। অবৈধভাবে বালু তোলার ফলে সেতুর পিলারগুলো মারাত্মক ক্ষতির সমঞ্চুখীন হবে। তাই অবৈধ বালু তোলা ঠেকাতে রাতে প্রশাসনকে মাঠে নামানো হবে।’সোনারগাঁ থানার এসআই শেখ সাদিক জানান, আটক ফজলুল হকের শ্বশুর, বালু ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মী নাসির উদ্দিন থানায় এসে ‘আর কখনো বালুর ব্যবসা করবেন না’ বলে মুচলেকা দেন। এরপর সন্ধ্যায় ফজলুল হককে ছেড়ে দেওয়া হয়।