রাজশাহীতে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কেউ ধরা পড়েনি। পুলিশ ছিনতাইকারীদের ধরার নামে অভিযান চালালেও আসল ছিনতাইকারীরা কেউ ধরা পড়ছে না। ছিনতাইকারীরা ধরা না পড়ায় ও ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নগরের বাসিন্দারা।
গত ২৮ নভেম্বর ভোরে নগরের দেবীশিংপাড়ায় ১০ মিনিটের ব্যবধানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সংবাদকর্মী আমজাদ হোসেনের কাছ থেকে তাঁর মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারাই ১০ মিনিট পর একই স্থানে আল আমিন (২৫) নামের একজন নির্মাণশ্রমিককে গুলি করে মুঠোফোন ও তাঁর স্ত্রীর ভ্যানেটি ব্যাগ নিয়ে যায়। ওই দম্পতি বাইসাইকেলে করে যাচ্ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে আল আমিনের গুলি বের করা হয়।
রাজশাহীতে গুলি করে ছিনতাইয়ের ঘটনা এই প্রথম। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তবে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খোন্দকার বলেন, তাঁরা এই ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে ১৬ জনকে আটক করেছেন। কিন্তু ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো ধরতে পারেননি। তাঁদের হাতে আরও কয়েকটি সূত্র আছে। সেসব সূত্র ধরে তাঁরা কাজ করছেন। আশা করছেন, আসামিরা শিগগিরই ধরা পড়বে।
এর আগে গত ২৫ অক্টোবর রাতে এক জাপানি গবেষককে নগরের বিনোদপুর এলাকায় র্যাব-৫-এর সদর দপ্তরের ফটকের সামনে ছিনতাইকারীরা চাকু মেরে তাঁর ল্যাপটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কেনজি (৩৭) নামের ওই গবেষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগে ‘ড্রাই ফুড’ নিয়ে গবেষণা করছেন।
এ ঘটনায়ও পুলিশ কাউকে ধরতে পারেনি। মতিহার থানার এসআই মাসুদার রহমান এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। তাঁর কাছে মামলাটি এক সপ্তাহ ছিল। এর মধ্যে তিনি কোনো আসামি ধরতে পারেননি। এর পর মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ নিয়ে নেয়। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় দুজন সন্দেহভাজন আসামিকে আটক করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রকৃত আসামিদের ধরার চেষ্টা চলছে।
কয়েকজন নগরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। ৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী কলেজের শিক্ষার্থী রাখী প্রামাণিক তাঁর নিজের বিয়ের গহনা বানিয়ে বাসায় ফিরছিলেন। সিপাইপাড়ার মোড়ে দুই মোটরসাইকেল আরোহী তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। রাখী বলেন, পরের দিন রাজপাড়া থানায় এ ব্যাপারে জিডি করতে গিয়েছিলেন। পুলিশ মামলা করার পরামর্শ দেয়। কিন্তু তিনি বিয়ের কারণে মামলা করতে যেতে পারেননি।
গত সোমবার সন্ধ্যায় ভদ্রা এলাকায় চেতনানাশক দ্রব্য ছিটিয়ে চালককে অচেতন করে একটি অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অটোরিকশার মালিক রতন কুমার বোয়ালিয়া থানায় মামলা করেছেন।
প্রায় প্রতিদিনই ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু সব ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে আসছেন বলে জানা যাচ্ছে না।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘শহরের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়েছে। একটা ঘটনা ঘটলে যাদের গ্রেপ্তার করা হয়, তারা নিরীহ মানুষ। ফলে আসল অপরাধীরা ধরা পড়ছে না।’
উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, ২৮ নভেম্বরের দুটি ঘটনায় যাঁদের আটক করা হয়েছে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে।