ধরা পড়ছে না চোর, তাই পাহারা ও লোহার খাঁচার পরামর্শ পবিসের!
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তিন ফেসের মিটার ব্যবহারকারীদের নিজ নিজ মিটার লোহার খাঁচা বানিয়ে সেখানে ও গভীর নলকূপের ঘরে পাহারা বসাতে এলাকায় মাইকিং করা হচ্ছে। এসব মিটার ও গভীর নলকূপ চুরি বেড়ে যাওয়ায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) গ্রাহকদের এ পরামর্শ দিয়ে মাইকিং করা হচ্ছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ মাইকিং করা হয়।
পবিসের আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াকুব আলী আকন্দ বলেন, এই উপজেলায় হঠাৎ করেই গভীর নলকূপ ও কলকারখানার মিটার চুরি বেড়ে গেছে। এসব গ্রাহক দুষ্কৃতকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করে টাকার বিনিময়ে আবার মিটার ফেরতও পাচ্ছেন। কিন্তু দুষ্কৃতকারীরা পর্দার আড়ালেই থেকে যাচ্ছে। চুরি কমছে না। তাই পবিসের পক্ষ থেকে লোহার খাঁচা বানিয়ে সেটির ভেতর মিটার রাখতে এবং গভীর নলকূপের ঘরে পাহারা বসাতে পরার্মশ দিয়ে মাইকিং করা হয়েছে।
পবিসের আক্কেলপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি জানুয়ারি মাসে আটটি গভীর নলকূপ ও দুটি কলকারখানার তিন ফেসের মিটার চুরি হয়। গ্রাহকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও কোনো ফল পাননি। সম্প্রতি মিটার চুরি ঘটনার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে তা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নজরে আসে। তিনি জয়পুরহাট পবিসের মহাব্যবস্থাপককে (জিএম) মিটার চুরি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরপরই মাইকিংয়ের উদ্যোগ নেওয়া হয়।
পৌর শহরের রোজি চালকলের মালিক মজিবর রহমান বলেন, ‘দুষ্কৃতকারীরা আমার চালকলের মিটার চুরি করেছিল। দুষ্কৃতকারীরা একটি কাগজে মুঠোফোনের নম্বর রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করে একদিন পরেই বাড়ির পাশে একটি খড়ের গাদায় মিটারটি পেয়েছি।’ তবে মিটার ফেরত পেতে দুষ্কৃতকারীদের কত টাকা দিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীদের বিকাশের মাধ্যমে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু দিইনি।’
পবিসের উপমহাব্যবস্থাপক ইয়াকুব আলী আকন্দ বলেন, ‘আমি দুষ্কৃতকারীদের রেখে যাওয়া মুঠোফোনে কল করেছিলাম। ফোন ধরে আমাকে বললেন, আপনি তো ডিজিএম স্যার। এটি শুনে অবাক হয়েছি।’
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছিল। পুলিশ সেই দুটি মিটার উদ্ধার করেছে। আমরা সংঘবদ্ধ চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করছি। দুষ্কৃতকারীদের মুঠোফোন নম্বর ট্র্যাক করে দুই ব্যক্তিকে শনাক্ত করা গেছে।’