ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার আগেই বিপুল পরিমাণ ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে। এতে ইলিশের উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে এবারই প্রথম ইলিশ ধরা নিষিদ্ধের সময় ১৫ দিন থেকে বাড়িয়ে ২২ দিন করা হয়েছে। এ বিষয়ে ৫ সেপ্টেম্বর একটি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণিসম্পদসচিব মাকসুদুল হাসান খানের সই করা আদেশে বলা হয়, আশ্বিন মাসের প্রথম পূর্ণিমার দিন, এর আগে ৪ দিন, পরের ১৭ দিনসহ ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। সে হিসাবে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকবে।
পটুয়াখালী জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, মজুত, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করা হলে জেল, জরিমানাসহ উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার আগেই এক মাস ধরে পটুয়াখালীর সাগর মোহনা ও সংলগ্ন নদীগুলোতে জেলেদের জালে বিপুল পরিমাণ মা ইলিশ ধরা পড়ছে।
জেলার দুমকি উপজেলার পায়রা নদীপাড়ের জেলে রশিদ মোল্লা বলেন, নদীতে জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে এবং প্রতিটি ইলিশের পেটেই ডিম রয়েছে।
দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীপাড়ের জেলে হারুন দুয়ারী বলেন, এ বছরই এত আগে বিপুল পরিমাণ ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় নির্দিষ্ট সময়ে শিকারের ওপর নিষেধাজ্ঞার কারণে ইলিশের উৎপাদন বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে জেলায় ইলিশের উৎপাদন ছিল ১৫ হাজার ৪১৯ মেট্রিক টন। ২০১৪-১৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ২৮ হাজার ২৭৭ মেট্রিক টন। ২০১৫-১৬ অর্থবছরে তা আরও বেড়ে উৎপাদন হয় ৩২ হাজার ৭৫০ মেট্রিক টন। গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ইলিশ ধরা বন্ধ ছিল। এরপরও ব্যাপক হারে মা ইলিশ প্রজননের জন্য উজানে চলে আসে। সেই বিবেচনা থেকে এ বছর ২২ দিন ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, এখন কিছু ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে। তবে সব মা ইলিশই পরিপুষ্ট ও পরিপক্ব হয়নি। মা ইলিশ ধরা পড়ায় উৎপাদনে কিছুটা প্রভাব পড়তে পারে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুলতান মাহমুদ বলেন, বৈশ্বিক পরিবর্তন, জলবায়ুর প্রভাব ও আবহাওয়াজনিত কারণে ইলিশ নির্দিষ্ট সময়ের আগেই প্রজননক্ষম হয়ে ডিম ছাড়তে উজানে চলে আসে এবং জেলেদের জালে ধরা পড়ে। এ কারণে ইলিশের উৎপাদনে কিছুটা হলেও প্রভাব পড়বে। তাই ভবিষ্যতে বিষয়টি নিয়ে গবেষণা করে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা উচিত।