ধরা পড়লেই সাজা, কমছে মাদকের বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবন, ব্যবসা ও জুয়াড়িদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করায় উপজেলায় এ ধরনের কর্মকাণ্ড অনেকটা কমে গেছে। আগে এ ধরনের অপরাধীরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে অল্প সময়ের মধ্যে তাদের অনেকেই জামিনে বেরিয়ে আসত। ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক সাজা হওয়ায় উপজেলায় মাদক বিক্রি, পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা গুটিয়ে নিচ্ছে তাদের আস্তানা। সাজার ভয়ে অনেক মাদকসেবীই নেশা ছেড়ে দিচ্ছে। এমন উদ্যোগে মাদক ও জুয়া নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন এলাকাবাসীর মধ্যে এখন অনেকটা স্বস্তি নেমে এসেছে। ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মাদক ও জুয়ার আসর থেকে আটক ৩১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে ২৪টি মামলাও হয়েছে।আদালত ও পুলিশ সূত্র জানায়, গত ৫ মার্চ কালাই থানার পুলিশ একটি গাঁজার আসর থেকে বাবলু মিয়া নামের এক গাঁজাসেবীকে গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। ১১ মার্চ পুলিশ নিরঞ্জন কর্মকার নামের এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তার ছয় মাসের সাজা হয়।১৪ মার্চ পুলিশ গাঁজাসহ বিক্রেতা মোকছেদ আলীকে (৩৫) আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।১৫ মার্চ পুলিশ মাদক সেবন ও গাঁজা বিক্রির সময় বেলাল হোসেন, মোবারক হোসেন, জহুরুল ইসলাম ও আজাদ হোসেন নামের চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠান। ১৮ মার্চ পুলিশ উপজেলার মোলামগাড়ি বাজারে অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা মোহসেন আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে ছয় মাসের সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেন।২৬ মার্চ পুলিশ উপজেলার একটি জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠান। ২৯ মার্চ পুলিশ একটি গাঁজার আসর থেকে আসলাম হোসেন নামের এক গাঁজাসেবীকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান।৩০ মার্চ ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুর রহিম হেরোইন সেবন ও বহনের দায়ে মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেন। ৪ এপ্রিল গাঁজা সেবন ও বিক্রির দায়ে আজিজার রহমান নামের একজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।৬ এপ্রিল পুলিশ গাঁজা সেবন ও বিক্রির দায়ে মঞ্জুরুল হক ও সিদ্দিক হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ছয় মাস করে কারাদণ্ড দেন।জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়োর রহমান বলেন, ‘মাদক ও জুয়ার মামলায় অভিযুক্ত ব্যক্তিরা আইনের ফাঁক গলিয়ে অধিকাংশ সময় জামিনে বেরিয়ে পুরোনো পেশায় জড়িয়ে পড়ে। ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক সাজা হওয়ায় জামিনে বেরিয়ে আসার সেই সুযোগ নেই।’কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মাদক ঠেকাতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। মাদকসহ কেউ হাতেনাতে ধরা পড়লেই তাকে নেওয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালতে। জেল খেটে এসে অনেকেই সংশোধিত হচ্ছে। অনেকেই জেলের ভয়ে মাদকের ব্যবসা ছেড়ে দিচ্ছে। ফলে ক্রমেই মাদক-পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিচার উপজেলায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম বলেন, ‘হাতেনাতে প্রমাণ ও স্বীকারোক্তির পরই ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তিদের সাজা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসকের কাছে আপিল করার সুযোগ থাকলেও সুনির্দিষ্ট অভিযোগ, হাতেনাতে প্রমাণ এবং স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়ায় আপিল করে কেউ সাজা থেকে নিষ্কৃতি পেয়েছেন—এখন পর্যন্ত এমন নজির নেই।’