ধরা পড়লেন সোনালী ব্যাংকের পলাতক ম্যানেজার
কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ পলাতক শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) গতকাল বুধবার রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁকে আদালত কারাগারে পাঠিয়েছেন। তাঁর নাম মো. সাইফ উদ্দিন।
সাইফ উদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে উঠলে তাঁকে গত ১৬ অক্টোবর প্রত্যাহার করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বাদী হয়ে সাইফ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, অভিযোগের বিষয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এখতিয়ারভুক্ত হওয়ায়
গত ২০ অক্টোবর মামলাটি এফআইআর করে তদন্তের জন্য ময়মনসিংহ দুদক কার্যালয়ে পাঠানো হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মঞ্জু প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনালী ব্যাংকের ওই কর্মকর্তাকে সোনালী ব্যাংকের মতিঝিল প্রধান শাখা থেকে গতকাল বেলা একটার দিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মতিঝিল থানা হাজতে পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। আজ দুপুরে তাঁকে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ দুদকের মাধ্যমে ঢাকা আদালতে পাঠানো হয়।
সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাইফ উদ্দিনকে মতিঝিল থানা থেকে আদালতে পাঠানো হয়। পরে তাঁকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হবে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ও ১০ অক্টোবর শহরের পুরান থানা এলাকার আমানতকারী ঠিকাদার আশিকুজ্জামান এলিনের ২ লাখ ৫০ হাজার ও ১ লাখ ৭০ হাজার করে মোট ৪ লাখ ২০ হাজার টাকা এবং ২৬ সেপ্টেম্বর হারুয়া এলাকার ব্যবসায়ী জুলহাস সওদাগরের ৮০ হাজার টাকা নগদ গ্রহণ করে তাঁদের ব্যাংকের রশিদ দেন ব্যবস্থাপক সাইফ উদ্দিন। কিন্তু তিনি ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ফলে জমাদানকারীদের সঞ্চয়ী হিসেবে এসব টাকা জমা হয়নি। এদিকে জমাদানকারীরা তাঁদের সঞ্চয়ী হিসাব নম্বরে টাকা না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি দরখাস্তের মাধ্যমে জানান। শুধু তা–ই নয়, তিনি আরও অনেক গ্রাহকের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া যায়।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে ব্যাংকের একটি অডিট টিম এলে তাঁদের কাছে ধরা পড়ে এসব অনিয়ম-দুর্নীতি ও আত্মসাতের ঘটনা। এ ঘটনায় ইসমাইল হক নামে একজন প্রিন্সিপাল অফিসার পদ মর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম পাঠায় প্রধান কার্যালয়। ১৬ অক্টোবর ব্যবস্থাপক সাইফ উদ্দিনকে প্রত্যাহার করে সোনালী ব্যাংক ময়মনসিংহের জেনারেল ম্যানেজার (জিএম) কার্যালয়ে বদলি করা হয়।
মামলার বাদী নূর মোহাম্মদ বলেন, ব্যাংকে টাকা জমাদানকারী গ্রাহকদের দরখাস্তের ভিত্তিতে ও তাঁদের দেওয়া ব্যাংক রসিদ পর্যালোচনা করে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে এ টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। ফলে সোনালী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখার সুনাম, সুখ্যাতি ও ইমেজ মারাত্মকভাবে ক্ষুণ্ন করায় এবং নিজ স্বার্থে গ্রাহকদের টাকা আত্মসাতের জন্য শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর থেকে সাইফ উদ্দিন আত্মগোপন করেছিলেন।