ধরা পড়লেন 'মহারাজা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানে তিনি ‘সফলভাবে’ চুরি করেন। চুরি করা মালামাল রাতে বিক্রি করতে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। কক্সবাজারে চোরের ‘মহারাজা’ মো. এনামুল হক অবশেষে ধরা পড়েছেন। রোববার রাতে গ্রেপ্তারের পর গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এনামুল হকের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। কয়েক মাস ধরে তিনি কক্সবাজার শহরে অবস্থান করে পর্যটকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল চুরি করে আসছেন। মালামাল চুরির দায়ে গত রোববার রাতে তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এনামুলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় পৃথক তিনটি মামলা করেন। পুলিশের দাবি, এনামুল শহরের সংঘবদ্ধ চোরদের ‘মহারাজা’। চুরির ওপর তাঁর বিশেষ প্রশিক্ষণ রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গত রোববার বেলা তিনটার দিকে শহরের একটি বেসরকারি ব্যাংকে গিয়ে হিসাব খোলার আগ্রহ প্রকাশ করেন এনামুল। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের আইফোন সেট চুরি করেন। চুরির ঘটনায় এনামুলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে শহরের অন্য আরেকটি ব্যাংকের ব্যবস্থাপকের মুঠোফোন চুরি করেন এনামুল। একই দিন বিকেল পাঁচটায় শহরের আসাদ কমপ্লেক্সের নিচতলার ‘ক্রিয়েটিভ কম্পিউটার’ থেকে একটি ল্যাপটপ চুরি করেন তিনি।
ক্রিয়েটিভ কম্পিউটারের মালিক শফিউল আজম চৌধুরী বলেন, দোকানে ঢুকে এনামুল ল্যাপটপ কেনার আগ্রহ দেখান। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে একটি ল্যাপটপ নিয়ে চম্পট দেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি বলেন, গত রোববার রাতে চুরির ল্যাপটপটি বিক্রির সময় এনামুলকে হাতেনাতে আটক করা হয়।