ধরা পড়ার ভয়ে ইয়াবা বড়ি পেটে চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ দেখেই সঙ্গে থাকা বিক্রি-নিষিদ্ধ ইয়াবা বড়ির একটি প্যাকেট মুখে দিয়ে গিলে ফেলেন। এ সময় পুলিশের এক সদস্য তাঁর মুখে হাত দিয়ে বড়ি বের করার চেষ্টা করেন। লোকটি তখন পুলিশ সদস্যের হাতে কামড় বসিয়ে পালান। কিছু দূর গিয়ে অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একজন ইয়াবা বড়ি বিক্রেতাকে ধরতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আহতাবস্থায় ওই ব্যক্তিকে আটক করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম চান মিয়া (২৬)। নগরের শাহজালাল উপশহরের একটি কলোনির বাসিন্দা তিনি। তাঁর কামড় খেয়ে ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরের বাঁ হাত জখম হয়েছে। তিনিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল মনোয়ার প্রথম আলোকে জানান, ৭০টি ইয়াবা বড়ি বিক্রির জন্য চান মিয়া মিতালী ম্যানশনে অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে তাঁরা সেখানে যান। পরে তাঁর কাছে ২০টি বড়ি পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ৫০টি বড়ি তিনি একসঙ্গে গিলে ফেলার চেষ্টা করছিলেন। এতে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।