ধরা পড়েছে হিমালয়ান পাম সিভেটের বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকা থেকে স্থানীয় লোকজনের হাতে একটি হিমালয়ান পাম সিভেটের বাচ্চা ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দা শাহ আমিনুল ইসলামের বাসা থেকে লোকজন বাচ্চাটিকে ধরে ফেলে।আমিনুল ইসলামের বাসার লোকজন জানান, বছর তিনেক ধরে একটি প্রাণী তাঁদের বাসার ছাদে পরিত্যক্ত জিনিসপত্র রাখার একটি কক্ষে বাসা বাঁধে। তাঁরা ভয় পেলেও প্রাণীটি তাঁদের কোনো ক্ষতি করেনি। এ জন্য তাঁরাও সেটিকে তাড়াননি। কয়েক দিন আগে হঠাৎ করে তাঁরা এই প্রাণীর তিনটি বাচ্চা দেখতে পান। এরা কক্ষের ভেতর ছোটাছুটি করে। বৃহস্পতিবার একটি বাচ্চাকে ধরে খাঁচাবন্দী করা হয়। বিড়ালছানার মতো দেখতে জ্বলজ্বল করা চোখ নিয়ে বাচ্চাটি খাঁচার ভেতর লেজ গুটিয়ে থরথর করে কাঁপছিল।প্রাণিবিদ শরীফ খান বাচ্চাটির ছবি দেখে প্রথম আলোকে বলেন, এটি হিমালয়ান পাম সিভেটের বাচ্চা। এরা মূলত নিশাচর ও বৃক্ষজীবী। সারা দিন লুকিয়ে থেকে রাতে বের হয়। গাছে গাছে লাফিয়ে বেড়ায়। এরা দক্ষ লাফারু। ১০-১৫ ফুট দূরত্বের একটি গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যেতে পারে। পাম সিভেট গাছের ডালে বসে শরীর ও লেজ দিয়ে একটি বৃত্ত তৈরি করে। বাচ্চারা এই বৃত্তের সীমানা কখনো অতিক্রম করবে না। বাচ্চাগুলো কোনোভাবে বুঝে ফেলে এই সীমানা অতিক্রম করলে বিপদ হবে। এরা যখন গাছে থাকে তখন নখ দিয়ে এমনভাবে ডাল আঁকড়ে ধরে, অনেক ঝাঁকুনি দিয়েও তাদের ফেলা যায় না। তবে এরা মাটিতেও সমান সচল।শরীফ খান জানান, হিমালয়ান পাম সিভেট শামুক, মাছ, তাল, খেজুরের রস, পাখির ডিম ও বাচ্চা এসব খায়। বাচ্চাটিকে সন্ধ্যাবেলা ছেড়ে দিলে মা এসে নিয়ে যাবে। বাসার বাসিন্দা শাহ ফখরুল ইসলাম গতকাল শুক্রবার জানান, তাঁরা বনে ছাড়ার চিন্তা করছিলেন। কিন্তু এখন বাচ্চাটিকে তার মায়ের কাছে ছেড়ে দেবেন।