ধরা পড়েনি খুনি, মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার তদন্তভার নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই মামলার একমাত্র আসামি জহিরুল ইসলামকে গত ছয় দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, গতকাল শনিবার মোহাম্মদপুর থানা থেকে কৃষ্ণা কাবেরী হত্যা মামলার তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হয়। ডিবি পুলিশ গতকাল থেকেই এই মামলার তদন্ত শুরু করেছে।
সিতাংশুর স্বজনেরা জানান, গতকাল সকাল ১০টার দিকে বিআরটিএর উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামে কৃষ্ণা কাবেরী বিশ্বাসের (সিতাংশুর) মরদেহ পৌঁছায়। পরে সেখানে মরদেহের সৎকার করা হয়।
রাজবাড়ীতে নেওয়ার আগে গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘর থেকে কৃষ্ণার মরদেহ প্রথমে স্বামী ও মেয়েদের দেখাতে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তাঁর দুই মেয়ে শ্রোভনা (১৫) ও অদিতিয়া (৮) বিলাপ করে বলে, ‘মাকে ছাড়া আমরা কীভাবে বাচব?’। ওই হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণার স্বামী সিতাংশুর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। নিহত কৃষ্ণা রাজধানীর আদাবরে মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন।
সিতাংশুর ঘনিষ্ঠ বন্ধু রথীন চাকী অভিযোগ করেন, গত সোমবার রাতে সিতাংশু শেখর বিশ্বাসসসহ পরিবারের চার সদস্যকে আহত ও তাঁর স্ত্রী কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী বিশ্বাসকে (৩৫) হত্যা করার পর জহিরুল ইসলাম রাতে পল্লবীর নিজের বাসায়, পরদিন সকালে বনানীতে হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ নামের ব্রোকারেজ হাউসে গিয়েছিলেন। সেখান থেকে তিনি পালিয়ে যান। জহিরুল ওই ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপক। পুলিশ তৎপর থাকলে জহিরুল পালাতে পারতেন না বলে তিনি অভিযোগ করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, জহিরুলকে গ্রেপ্তার করা যায়নি। ডিবির কর্মকর্তারা জানান, হত্যাকারী জহিরুলকে গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে গত সোমবার রাতে সিতাংশুকে ফলের রস খাওয়ানোর পর তাঁকে, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর পরনের শাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর তিনি মারা যান।