রাজধানীর গোপীবাগ এলাকায় ‘কথিত পীর’ লুৎফোর রহমানসহ ছয়জনের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিরা গত তিন সপ্তাহেও ধরা পড়েনি। এতে প্রাণনাশের আশঙ্কায় বাসা বদল করে অনেকটা লুকিয়ে আছেন লুৎফোরের পরিবারের সদস্যরা। তাঁরা আগের ভাড়া বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে উঠেছেন।
মামলার তদন্ত কর্মকর্তারা বলছেন, সূত্র রেখে না যাওয়ায় হত্যাকারীদের ধরা সম্ভব হচ্ছে না।
গত ২১ ডিসেম্বর গোপীবাগের ৬৪/৬ রামকৃষ্ণ মিশন রোডে দ্বিতীয় তলায় লুৎফোর রহমানের বড় ছেলে ব্যাংক কর্মকর্তা সারোয়ার ইসলামসহ তাঁর চার মুরিদ মঞ্জুর আলম, শাহীন আলম, রাসেল ও মুজিবুল সরকারকে হত্যা করা হয়। এ ঘটনায় একই দিন রাতে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন লুৎফোরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক। এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রাণভয়ে তিনি কর্মস্থলে যাচ্ছেন না।
ঘটনার পর ওই বাসার তত্ত্বাবধানকারী সাইফুল ইসলাম ও নিচতলার মেস থেকে আরও সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। নয় দিন জিজ্ঞাসাবাদের পর ৩১ ডিসেম্বর আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
তত্ত্বাবধানকারী সাইফুল ইসলাম জানান, ঘটনার পর সাত দিন বাসার সামনে পুলিশ প্রহরা ছিল। এরপর ৯ জানুয়ারি লুৎফোর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক বাসাটি ছেড়ে দেন। তবে কোথায় তাঁরা বাসা ভাড়া নিয়েছেন, এ ব্যাপারে কিছু জানাতে পারেননি সাইফুল। সাইফুল জানান, বাসা ছাড়ার আগে ফ্ল্যাটটির সাতটি কক্ষই পরিষ্কার করে গেছেন লুেফার রহমানের পরিবারের সদস্যরা। তিনি জানান, যে দুটি কক্ষে ছয়জনকে হত্যা করা হয়, এসব কক্ষে রক্তের দাগ কিছুটা মুছে গেছে।
বাসা ছাড়ার ব্যাপারে গতকাল সোমবার আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘হত্যাকারীরা ঘটনার সময় আমাকে খুঁজেছিল। তাই আশঙ্কা করছি, আমাদের পরিবারের সবার সম্পর্কে ওরা ভালোভাবেই জানে। এ কারণে আমার বাবা-ভাইকে হত্যার পর প্রাণভয়ে অফিসেও যাচ্ছি না।’ নতুন বাসার ঠিকানা জানাতে রাজি হননি তিনি।
আগের বাসার কক্ষগুলো ধোয়ামোছা করায় আলামত নষ্ট হয়েছে কি না—জানতে চাইলে ফারুক বলেন, ‘আলামত যা নেওয়ার গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে।’ ধর্মীয় মতাদর্শের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তাঁর বাবার অবস্থানের কারণে নির্মমভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি মনে করেন।
গোয়েন্দা সূত্রের দাবি, ধর্মীয় বিতর্কিত বিষয় এই হত্যার অন্যতম কারণ। এ জন্য ধীরগতিতে এগোচ্ছে তারা। জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে গিয়ে তদন্তকাজে ধীরগতি এসেছে।
আসামি গ্রেপ্তারের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘বেশ পরিকল্পিতভাবেই ছয়জনকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো ক্লু (সূত্র) রেখে যায়নি। তাই আসামি গ্রেপ্তারে দেরি হচ্ছে।’ লুৎফোর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তার দায়িত্ব আমাদের নয়, থানার পুলিশের।’
এ ব্যাপারে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইলিয়াস শরীফ বলেন, ‘লুৎফোর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি প্রতিনিয়ত আমরা দেখছি। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ প্রহরা বসানো হয়। তা ছাড়া আমাদের ভ্রাম্যমাণ দল তাদের নিরাপত্তার বিষয়টি দেখছে।’