যুবলীগের ঢাকা মহানগরের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যার ঘটনায় পরিকল্পনাকারীরা এখনো ধরা পড়েনি। মামলার এজাহার অনুযায়ী, আওয়ামী লীগের মতিঝিল থানার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (টিপু) ও যুবলীগের মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফের পরিকল্পনায় এ হত্যার ঘটনা ঘটেছে।আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত মতিঝিল এজিবি কলোনির একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেছেন, রিয়াজুল হত্যার পরিকল্পনাকারী জাহিদুল ইসলাম গত রোববারও এজিবি কলোনিতে এসেছিলেন। এ সময় তিনি রিয়াজুলের পক্ষের কর্মীদের হাতে লাঞ্ছিত হন। এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-১-এর অধিনায়ক ও মামলার তদন্ত-তদারক কর্মকর্তা কিসমত হায়াৎ বলেন, এখন পর্যন্ত তদন্তে রিয়াজুল হত্যার সঙ্গে জাহিদুল ও আরিফের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তদন্ত চলছে। তবে যুবলীগ মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন চঞ্চলের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত ২৯ জুলাই গভীর রাতে গুলশানের বিপণিবিতান ‘শপার্স ওয়ার্ল্ডের সামনে রিয়াজুলকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণিবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় এ হত্যার দৃশ্য ধরা পড়ে। তা দেখে ওই রাতেই র্যাব যুবলীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ ছয়জনকে উত্তরার একটি ক্লিনিক থেকে আটক করে। গত বুধবার রাতে র্যাবের ‘ক্রসফায়ারে’ মারা যান তারেকসহ দুজন। রিয়াজুল হত্যার ঘটনায় তাঁর ভাই মেজর রাশিদুল হক খান গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তারেক ও শাখাওয়াত হোসেন চঞ্চলসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, আওয়ামী লীগের জাহিদুল ইসলাম টিপু ও যুবলীগের ওয়াহিদুল আলম আরিফের পরিকল্পনায় এ হত্যার ঘটনা ঘটেছে।