ধরা পড়েনি হালিমার নির্যাতনকারীরা
হালিমা ইয়াছমিনকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি গৃহবধূ ইয়াছমিনের গায়ে আগুন দেন। গত ১৮ জুন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে হালিমার পরিবার।হালিমার শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে গত ২ জুন। হালিমা ১৭ জুন পর্যন্ত অজ্ঞান ছিলেন। জ্ঞান ফিরলে হালিমার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে মা রোকেয়া সেলিম থানায় এজাহার দায়ের করেন। এজাহারে হালিমার স্বামী, শাশুড়ি ও সহায়তাকারী হিসেবে শ্বশুরের নাম উল্লেখ করা হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আসামিরা এলাকায় নেই। তারা মোবাইল নম্বরও পরিবর্তন করে ফেলেছে। শুনেছি, আসামিরা ঢাকায় আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমানে আসামি ধরার জন্যই ঢাকায় অবস্থান করছেন।’ঘটনার দিন হালিমাকে প্রথম ফেনীর আল কেমী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এবং আরও পরে ঢাকা বার্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তাঁর দুই হাত, পা, বুক, মুখের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।হালিমার পরিবারের সদস্যরা জানান, হালিমার অবস্থা এখন কিছুটা ভালোর দিকে।