ধরাছোঁয়ার বাইরে আমবাগান সড়কের বৃৃৃক্ষনিধনকারীরা
চট্টগ্রাম নগরের আমবাগান সড়কের বেশ কিছু গাছ কাটার ঘটনার এক মাস পার হয়েছে। এখনো ওই ঘটনার হোতাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের।
এই ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের গঠিত তদন্ত কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ঘটনার জন্য স্থানীয় পাঁচ ব্যক্তিকে দায়ী করা হয়। এই পাঁচ ব্যক্তির নাম পুলিশকেও দেওয়া হয়েছে। তার পরও তাদের গ্রেপ্তার করা যায়নি। এ জন্য পুলিশ ও রেল কর্তৃপক্ষ পরস্পরকে দায়ী করেছে।
তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ তরুণ কান্তি বালা বলেন, ‘আমরা ঘটনায় জড়িতদের শনাক্ত করেছি। তার আগে একটি মামলাও হয়েছে। পরে শনাক্তদের নাম মামলায় অন্তর্ভুক্ত করতে পুলিশকে বলা হয়েছে। কিন্তু এখনো পুলিশ কাউকে ধরতে পারেনি। এখন এখানে আমাদের আর কী করার আছে?’
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আবদুল মতিন নামে এক ব্যক্তি এই গাছ কাটার মূল হোতা। এর সঙ্গে সোহেল রানা, মো. আরমান, সুলতান গাজী ও মো. সবুজকে গাছ কাটার জন্য দায়ী করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সিটি করপোরেশনের উদ্যোগে আমবাগান সড়কটি সম্প্রসারণ করা হচ্ছে। সম্প্রসারণের স্বার্থে কয়েকটি গাছ কাটার প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই গাছগুলো সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিলামের মাধ্যমে কাটার ব্যবস্থা করার কথা রয়েছে। কিন্তু তা না করে ওই সড়ক সম্প্রসারণের ঠিকাদারের প্ররোচনায় আবদুল মতিনেরা গাছগুলো কেটে নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, এখানে শতবর্ষী একটি শিরীষগাছসহ মোট ১৪টি গাছ কাটা হয় বলে প্রতিবেদন থেকে জানা গেছে। এসব গাছের বয়স ২৫ থেকে ১০০ বছর পর্যন্ত। এর মধ্যে মেহগনি, জাম, নিম, সেগুন, ডুমুর, রেইন্ট্রি, বট ইত্যাদি গাছ রয়েছে। ১৪টি গাছের ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার টাকা।
গত ২৫ এপ্রিল দিনের বেলায় আমবাগান সড়কের পাশের এসব গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কয়েকটি কাটা গাছ জব্দ করা হয়। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ একটি মামলা করে। মামলায় আসামির তালিকায় আরমান ও সোহেলের নাম উল্লেখ রয়েছে। পরে মতিনের নামটি অন্তর্ভুক্ত করার জন্য পুলিশকে জানানো হয়। তবে রেল কর্তৃপক্ষের দিক থেকে অসহযোগিতার অভিযোগ করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ‘এ বিষয়ে রেল কর্তৃপক্ষ থেকে সহযোগিতা নেই। কোনো সাক্ষী দিতে পারেনি। একজন আসামির নাম এবং একটি দোকানের ঠিকানা দিয়েছে। তার বাবার নামও নেই। এভাবে কী সম্ভব আসামি ধরা? আমরা তার পরও চেষ্টা করছি।’