ধরাছোঁয়ার বাইরে চক্রের ২১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পৌনে দুই বছর আগে সাড়ে ৬১ কেজি সোনাসহ পল্টনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন ‘চোরাচালানের অন্যতম গডফাদার’ এস কে মোহাম্মদ আলী। জবানবন্দিতে তিনি এ চক্রের ২৩ জনের নাম বললেও পুলিশ মাত্র দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকি ২১ জন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

গ্রেপ্তার দুজনের মধ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিন সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মজিবুর রহমান নামে আরেকজন কারাগারে রয়েছেন। ‘সোনা মজিবুর’ নামে পরিচিত এই ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে।

শুল্ক গোয়েন্দারা ২০১৪ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রায় ৮ কোটি ৫৬ লাখ টাকা এবং ৬১ কেজি ৫০০ গ্রাম ওজনের ৫২৮টি সোনার বার উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগের (ডিবি) সহযোগিতায় এ অভিযানে গ্রেপ্তার হন মোহাম্মদ আলী (৬৫)। এ ঘটনায় বিমানবন্দর ও পল্টন থানায় করা দুটি মামলার তদন্ত করছে ডিবি।

মামলার তদন্ত-তদারক কর্মকর্তা, ডিবির উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে অনেকের নাম এলেও পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না থাকায় তাদের শনাক্ত করা যায়নি। এদের নাম-ঠিকানা সংগ্রহের কাজ চলছে। খুব শিগগির মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান তিনি।

আদালত ও মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ জানুয়ারি মোহাম্মদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি সোনা চোরাচালানে জড়িত আওয়ামী লীগের নেতা রিয়াজউদ্দিন, কয়েকটি মানি এক্সচেঞ্জের মালিকসহ ২৩ জনের নাম বলেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী বলেছেন, তিনি সোনা চোরাচালানে টাকা বিনিয়োগ করতেন। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে আনা সোনা বিমানবন্দর হয়ে তাঁর কাছে আসত। সোনার বারগুলো তিনি বাসায় রাখতেন। এর কিছু তিনি নিজের লোক দিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে বিক্রি করতেন। এ ছাড়া তাঁর লোকজন সীমান্তে গিয়েও ভারতীয় চোরাচালানিদের কাছে সোনা বিক্রি করত।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি: মোহাম্মদ আলী আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেন, তিনি ১৯৮৭ সালে মতিঝিলে দেশি-বিদেশি মুদ্রার ব্যবসা শুরু করেন। তখন ওই এলাকার জনতা ব্যাংকের কর্মচারী রিয়াজউদ্দিনের (সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান) সঙ্গে পরিচয়। পরে তিনি (মোহাম্মদ আলী) শেয়ার ব্যবসা শুরু করেন। ১৯৯৬ সালে তাঁতীবাজার স্পিড মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন।

মোহাম্মদ আলী আদালতকে বলেন, সোনার দাম কমে যাওয়ায় পরিচিত ২৩ ব্যক্তি ৫২৮টি অবৈধ সোনার বার তাঁর বাসায় রেখেছিলেন। তাঁর কাছ থেকে দেশি-বিদেশি মুদ্রাও কিনতেন। ওই ব্যক্তিরা হলেন রাজধানীর ঢাকা মানি এক্সচেঞ্জ ও সিঅ্যান্ডসি মানি এক্সচেঞ্জের মালিক নেওয়াজ, আওয়ামী লীগের নেতা রিয়াজউদ্দিন, কমলগঞ্জের মজিবুর রহমান, উত্তরার আবু, ওমর ফারুক, রাসেল ও মুন্না। ঢাকার পল্টনের সালেহ আহম্মেদ, নুরুদ্দিন, নোমান, ঢাকার হক মানি এক্সচেঞ্জের হাবিব, আলফা মানি এক্সচেঞ্জের মিন্টু, গুলশানের মিথুন ও মুন্না।

মোহাম্মদ আলী আদালতকে আরও বলেন, বিদেশ থেকে আসা সোনার বার ছাড়িয়ে দিতেন সিভিল এভিয়েশনের কমর্চারী নুর ইসলাম, আবুল হোসেন, কাজী জাকের ও কামরুল ইসলাম। পরে এসব সোনা তাঁতীবাজারের মামুন, বাবু, দুলু, পঙ্কজ ও উজ্জ্বলের কাছে বিক্রি করা হতো।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদুল কবীর সম্প্রতি বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তা একাধিকবার পরিবর্তন হয়েছে। সর্বশেষ তিনি মামলাটি তদন্ত করছেন। সোনা চোরাচালানের ঘটনায় সম্পৃক্ত সবাইকে খুব শিগগির গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।