বাঘ শিকার এবং চামড়া ও হাড় পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের হাতেনাতে ধরা হয়। মামলাও হয়। কিন্তু এসব মামলায় বড় কোনো সাজার নজির নেই। আর মূল হোতারা বরাবরই আইনের বাইরে থেকে গেছে।
সহকারী প্রধান বন সংরক্ষক জাহিদুল কবীর বলেন, এখন পর্যন্ত যাদের চামড়া বা হাড়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে, তাদের বাইরে কাউকে আসামি করা হয়নি। এ থেকে বোঝা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ব্যাপারে কিছুটা দুর্বলতা রয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান বলেন, আইনের কিছু দুর্বল দিক আছে। এ কারণে অপরাধীরা সহজে ছাড়া পেয়ে যাচ্ছে। আর অপরাধীদের কঠোর শাস্তি না হওয়ায় এ-সংক্রান্ত অপরাধ কমছে না।
র্যাব-৬, র্যাব-৮, বন বিভাগ ও পুলিশ সূত্র জানায়, ২০১৫ ও ২০১৬ সালের চলতি মাস পর্যন্ত পাচারকালে মোট ১১টি বাঘের চামড়া উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ ও বন বিভাগের করা মামলায় অর্ধশতাধিক আসামির নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছে অর্ধশতাধিক। আর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে ছয়জন।
পুলিশ সূত্র জানায়, খুলনা সদর থানায় বাঘের চামড়া ও হাড় উদ্ধারসংক্রান্ত মামলা রয়েছে দুটি, কয়রা থানায় তিন ও পাইকগাছা থানায় একটি। সাতক্ষীরা সদর, আশাশুনি ও পাটকেলঘাটা থানায় একটি করে মামলা রয়েছে। এ ছাড়া বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি করে মামলা রয়েছে। ২০১৪, ২০১৫ ও চলতি বছরের জুলাইয়ের মধ্যে এসব মামলা করা হয়েছে। এর মধ্যে খুলনা সদরের দুটি, সাতক্ষীরা সদর, আশাশুনি ও পাটকেলঘাটা থানার তিনটি ও মোরেলগঞ্জ থানার একটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। কয়রা ও পাইকগাছা থানার মামলা তদন্তাধীন আছে। দেড় বছর পার হলেও ভান্ডারিয়া থানার মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়নি।
বন বিভাগ সূত্র জানায়, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চল বন বিভাগ নয়টি বাঘের চামড়া উদ্ধার করে। এসব ঘটনায় মামলা হয়েছে আটটি। মামলাগুলো এখনো বিচারাধীন। আর পূর্বাঞ্চল বন বিভাগ ২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট নয়টি বাঘের চামড়া উদ্ধারের ঘটনায় মামলা করেছে নয়টি। এর মধ্যে দুটি মামলায় আসামিদের সাজা হয়েছে। খারিজ হয়ে গেছে দুটি মামলা। বাকিগুলো চলমান। ২০০৬ সালে সাজা হওয়া মামলায় মোট আসামি ছিল চারজন। রায়ে ১ নম্বর আসামির সাজা হয় দুই বছরের জেল ও ১০ হাজার টাকা ক্ষতিপূরণ; ২ নম্বর আসামির পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল। ২০১১ সালের আরেকটি মামলায় চারজনের মধ্যে ১ নম্বর আসামিকে সাড়ে চার বছরের কারাদণ্ড, ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ও আরও ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। ওই মামলায় ২ নম্বর আসামিকে আড়াই বছরের কারাদণ্ড, ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুজনকে খালাস দেওয়া হয়।
পূর্বাঞ্চল বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আগের মামলাগুলো করা হতো বন আইনে। এই আইনে শাস্তির পরিমাণও কম। ২০১২ সালে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন পাস হয়। এই আইনে সর্বোচ্চ ১২ বছরের জেল ও ১৫ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে।
বন বিভাগ সূত্র আরও জানায়, ২০১৪, ২০১৫ ও চলতি মাস পর্যন্ত সব মামলা এখনো বিচারাধীন। হাতেনাতে চামড়া, হাড়সহ আটক করার পরও কোনো মামলায় মূল হোতাদের খুঁজে বের করা সম্ভব হয়নি। যাদের হাতেনাতে ধরা হয়েছে, মামলাগুলোতে তাদের ছাড়া অন্য কাউকে আসামি করা হয়নি।