ধরাছোঁয়ার বাইরে মূল আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার হত্যার এক বছরেও মামলার মূল আসামি আশরাফুজ্জামান ওরফে আশাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত বছরের ১৪ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এবং সিএফসির (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার, বর্তমানে বিজয়) নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ওই দিন বেলা সাড়ে ১১টায় শাহ জালাল ও শাহ আমানত হল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে খুন হন তাপস সরকার। পরদিন তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগের ভিএক্স পক্ষের ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এতে আশরাফুজ্জামানকে ১ নম্বর আসামি করা হয়।
হত্যাকাণ্ডের দিন শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের হাটহাজারী থানার উপপরিদর্শক বাদী হয়ে ভিএক্স পক্ষের ৬০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় আশরাফুজ্জামানকে ২ নম্বর আসামি করা হয়। গত ১৭ এপ্রিল অস্ত্র মামলায় আশরাফুজ্জামানসহ আরও চারজনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘আশরাফুজ্জামানের গুলিতেই তাপস নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম। তিনি হত্যা মামলার ১ নম্বর আসামিও। আমরা তাঁকে গ্রেপ্তার করতে জোর চেষ্টা চালিয়েছি। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
হত্যা মামলার অভিযোগপত্র এখনো দেয়নি পুলিশ। এই মামলাটি গত ৫ আগস্ট থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মুস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আশরাফুজ্জামান আশাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সময় দেখা যায় বলে আমরা জানতে পেরেছি। তাঁকে গ্রেপ্তার করতে ঢাকা ও যশোরের পুলিশ টিম চেষ্টা করেছে। তাঁকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’ তিনি বলেন, ‘আমাদের তদন্ত প্রায় শেষ। তাপস হত্যার এক বছর পূর্ণ হওয়ার আগেই অভিযোগপত্র দিতে চেয়েছিলাম। কিন্তু রূপন বিশ্বাস নামের এক আসামি সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা-না থাকার বিষয়টি এখনো নিশ্চিত হতে না পারায় একটু দেরি হচ্ছে। এটি নিশ্চিত হলেই অভিযোগপত্র দেওয়া হবে। এই মামলায় একজন জেলে আছেন।’
হত্যা মামলার বাদী তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এক বছরেও মূল হত্যাকারী আশরাফুজ্জামান আশাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্য খুনিরাও ঘুরে বেড়াচ্ছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিয়ে আমরা সন্দিহান।’
তাপস সরকারের বড় ভাই বিক্রয়কর্মী আশীষ সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই হয়তো ভাই হত্যার বিচার পাব না। এখনো আমার বৃদ্ধ মা-বাবা ছেলের শোকে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। কই এক বছরেও তো আমাদের খবর কেউ নেয়নি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ‘হত্যা মামলার মূল আসামি আশরাফুজ্জামান আশাসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’