ভুল চিকিৎসার অভিযোগে মামলা হওয়ার ১২ দিন পরও অভিযুক্ত দুই চিকিৎসক ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাঁদের গ্রেপ্তার না করতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারাও উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা পক্ষ নিয়েছেন দুই চিকিৎসকের।দুই শল্য চিকিৎসক জি এম জাকির হোসেন ও সুরমান আলী। আমিনুল ইসলাম নামের এক তরুণের পাইলসের অস্ত্রোপচার করে শরীরে সুঁচ (নিডেল) রেখে দেওয়ার অভিযোগে গত ২৮ জানুয়ারি মুখ্য মহানগর হাকিম আদালতে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছিল। আদালত বাদীর আনীত অভিযোগ সরাসরি মামলা হিসেবে গণ্য করতে ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাঁচলাইশ থানাকে নির্দেশ দিয়েছিলেন।পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টায় রয়েছি। তাঁরা চেম্বার করছেন না। তাই তাদের পাচ্ছি না।’তবে মামলার বাদী দেলোয়ারা বেগম জানান, সুরমান আলী গত বুধবারও চেম্বারে বসে রোগী দেখেছেন। তাদের বাঁচাতে বিএমএ নেতারাও নানা তদবির চালাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। চট্টগ্রামে বিএমএর দায়িত্বে রয়েছে আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। জানা গেছে, ২ ফেব্রুয়ারি বিএমএ পত্রিকায় একটি বিবৃতি দিয়ে উল্লিখিত দুই চিকিৎসকের পক্ষ নেয়। বিবৃতিতে বলা হয়, সুরমান আলী ও জি এম জাকির হোসেন সর্বোচ্চ ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক। তারা দায়িত্বশীল থেকে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএমএর সভাপতি মুজিবুল হক খান বলেন, ‘আমি যতটুকু জেনেছি, ডা. জাকির হোসেন প্রথম অস্ত্রোপচারে ছিলেন না। তাঁকেও কেন আসামি করা হলো। ওই জন্য আমরা একটি বিবৃতি দিয়েছি। এখন বিষয়টা আদালতের বিচারাধীন।’গত ৩০ মে নগরের একটি ক্লিনিকে বিবিএ শিক্ষার্থী আমিনুল ইসলামের পাইলসের অস্ত্রোপচার করেন সুরমান আলী। এ সময় তাঁর শরীরে নিডেল রেখে দেন বলে মামলায় অভিযোগ করা হয়।