ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে ২২০ দালাল-মাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে মালয়েশিয়ায় আদম পাচার ঠেকানো যাচ্ছে না। গত তিন দিনে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন ৬২ যাত্রীকে। কিন্তু পাচারে জড়িত অন্তত ২০০ দালাল ও ২০ মাঝিকে (ট্রলারের সেরাং) ধরা সম্ভব হচ্ছে না। গত সোমবার রাতে বিজিবি সদস্যরা টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে উদ্ধার করেন ১৫ জনকে। এঁদের মধ্যে ১০ জনের বাড়ি খুলনায়। তাঁদের একজন খুলনার আন্দরপুতার বাসিন্দা মো. আলিম (২৯) বলেন, যশোরের দালাল ইসমাইল হোসেন মাথাপিছু ২০ হাজার টাকা করে নিয়ে মালয়েশিয়া পাঠানোর জন্য তাঁদের টেকনাফ নিয়ে আসেন। তারপর শাহপরীর দ্বীপের দালাল হাবিবুর রহমান ও ইলিয়াছের হাতে তুলে দেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, এই ঘটনায় বিজিবি চার দালালের বিরুদ্ধে মামলা করেছে। এদের ধরার চেষ্টা চলছে। এর আগে গত ২৭ জানুয়ারি গভীর রাতে সৈকত পাড়ের একটি হোটেলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিন দালাল ও ৩৭ যাত্রীকে আটক করেন। ২৬ জানুয়ারি উখিয়া থেকে উদ্ধার করা হয় ১১ জনকে। এরা মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা।আটক দালাল উখিয়ার ইকবাল কামাল (২২) ও কুষ্টিয়ার আবদুল গাফফার (৪২) বলেন, কক্সবাজারে মানবপাচারের দালাল রয়েছে প্রায় ২০০ জন। সারা দেশে এদের শক্ত নেটওয়ার্ক রয়েছে। অভাবী ঘরে তরুণ-যুবকদের ফুসলিয়ে মালয়েশিয়া পাঠানোর নামে দালালেরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।র‌্যাব কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলম বলেন, দালালদের ধরার জন্য দুর্গম উপকূলে পাহারা বসানো হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ২৫টি পয়েন্ট দিয়ে মালয়েশিয়ায় মানবপাচার হচ্ছে। এর মধ্যে টেকনাফের বাহারছড়া, হাবিরছড়া, কচুবনিয়া, কাটাবুনিয়া, খুরেরমুখ, শাহপরীর দ্বীপ, গোলাচর, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, সেন্ট মার্টিন; উখিয়ার মনখালী, সোনাপাড়া, কক্সবাজারের চৌফলদণ্ডি, নাজিরারটেক, কস্তুরাঘাট, মহেশখালী গোরকঘাটা, ধলঘাটা অন্যতম।পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, মিয়ানমারের সঙ্গে ২৮৮ কিলোমিটারের অরক্ষিত সীমান্ত এবং সমুদ্রপথে যাতায়াতের সুযোগ থাকায় এই অঞ্চলে মানবপাচার বেড়ে যাচ্ছে। গত পাঁচ মাসে ৩৩টি মামলার বিপরীতে ১২৭ জন পাচারকারী বা দালালকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫১ জনকে আটক করা হয়েছে। কিন্তু তার পরও মানবপাচার প্রতিরোধ সম্ভব হচ্ছে না।