ধরিয়ে দিলে পুরস্কার
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উল্লাপাড়া পৌরসভাকে মাদকমুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র এস এম নজরুল ইসলাম। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। গত সোমবার পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এরপর গতকাল মঙ্গলবার সকালে পুলিশের অভিযান শুরু হয়। এ সময় তাঁদের সঙ্গে নজরুল ইসলামও ছিলেন। পৌরসভার এনায়েতপুর মহল্লা থেকে বাহাদুর আলীসহ (৪৫) দুজনকে আটক করা হয়। এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে সতর্ক করা হয়।
নজরুল ইসলাম বলেন, ‘উল্লাপাড়াকে মাদকমুক্ত করা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেই অনুযায়ী মাঠে নেমেছি। প্রতিটি মহল্লায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা তৈরি করে অভিযান চালিয়ে তাদের আটক করা হবে। কেউ তাদের ধরিয়ে দিলে ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা পুরস্কার দেব।’
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউসিক আহমেদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে। এলাকাবাসীর অনুরোধ এবং মাদক ব্যবসা করবেন না বলে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।