ধরে নিয়ে যাওয়ার সময় মুঈনুদ্দীনকে চিনেছিলেন চাচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী ইফতেখার হায়দার চৌধুরী (৪৯)। শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী তাঁর বড় চাচা।

জবানবন্দিতে তিনি বলেছেন, ধরে নিয়ে যাওয়ার সময় চাচা মুঈনুদ্দীনকে চিনেছিলেন ও তার কথা বলেছিলেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ইফতেখার হায়দারের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।

জবানবন্দিতে ইফতেখার হায়দার বলেন, তাঁর বড় চাচা শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পাকিস্তান সরকারের পক্ষে স্বাক্ষর অভিযান চালালে তিনি বিরোধিতা করেন। মুক্তিযুদ্ধকালে তাঁর চাচা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে থাকলেও ১২ ডিসেম্বর তিনি নিরাপত্তাজনিত কারণে তাঁদের শান্তিবাগের বাসায় আশ্রয় নেন। এ সময় চাচা তাঁর বাসায় নুরু নামের এক কাজের ছেলেকে রেখে যান ও বলে যান তিনি কোথায় যাচ্ছেন।

ইফতেখার হায়দার বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর আলবদরের একটি সশস্ত্র দল তাঁর চাচার ফুলার রোডের বাসায় গিয়ে চাচাকে খোঁজে। এ সময় তারা নুরুকে জিজ্ঞাসা করে চাচার অবস্থান সম্পর্কে জানে। আলবদররা নুরুকে তাদের সঙ্গে নিয়ে তাঁদের শান্তিবাগের বাসায় এসে দরজায় কড়া নাড়ে। তাঁর বাবা লুত্ফুল হায়দার চৌধুরী দরজা খুলে দিলে মুখোশপরা আলবদরের সদস্যরা তাঁর কাছে জানতে চায়, মোফাজ্জল হায়দার কোথায়? কথা বলার একপর্যায়ে আলবদরের সদস্যরা জোর করে ঘরের ভেতরে ঢুকলে চাচা এগিয়ে গিয়ে পরিচয় দেন, তিনিই মোফাজ্জল হায়দার চৌধুরী। আলবদরদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁর বাবা সামনে থাকা এক আলবদরের মুখে আটকানো রুমাল টান দিলে চাচা তাঁর মুখ দেখে বলেন, ‘তুমি মইনউদ্দীন না? উত্তরে মুঈনুদ্দীন বলে, ‘জ্বি, আমি মইনউদ্দীন। আমি আপনার ছাত্র।’ এই কথা বলার সময় তিনি (সাক্ষী) বাবা ও চাচার পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনেছিলেন। ওই সময় মুঈনুদ্দীন আরও বলেছিল, ‘আমি স্যারকে নিয়ে যাচ্ছি, ক্যাপ্টেন সাহেবের সঙ্গে দেখা করিয়েই তাঁকে ফিরিয়ে দিয়ে যাব।’ পরে চাচাকে একটি কাদামাখা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। তাঁর মেজো চাচা এহতেশাম হায়দার চৌধুরী মুঈনুদ্দীনকে চিনতেন। কেননা তিনি ‘পূর্বদেশ’ পত্রিকায় কাজ করতেন ও মুঈনুদ্দীন তাঁর সহকর্মী ছিল।

দেশ স্বাধীন হলে ১৬ ডিসেম্বর তাঁরা বিভিন্ন স্থানে চাচার লাশের খোঁজ করেন কিন্তু কোথাও লাশ পাওয়া যায়নি।

ইফতেখার হায়দার আরও বলেন, তাঁর মা ডলি চৌধুরীও (মৃত) ছিলেন চাচাকে ধরে নিয়ে যাওয়ার অন্যতম এক প্রত্যক্ষদর্শী। তিনি ওয়ার ক্রাইম ফাইলের তথ্যচিত্রে সাক্ষাত্কার দিয়েছিলেন। যেখানে তিনি ওই ঘটনায় মুঈনুদ্দীনকে দেখার কথা বলেছিলেন। দেশ স্বাধীনের পর ‘পূর্বদেশ’ পত্রিকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবি ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন ছাপা হলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা তা দেখেন ও মুঈনুদ্দীনকে চিনতে পারেন। জবানবন্দি শেষ হলে এ মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।