ধরে নিয়ে যাওয়া ৫ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পাঁচ শিশুকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী মিনাপুর গ্রামের দেনিয়াল হকের ছেলে পানিয়া (১৫), কুদ্দুসের ছেলে শাহাবুদ্দীন (১৩), নজরুল ইসলামের ছেলে মন্টু (৭), আবতাব উদ্দীনের ছেলে রায়হান (৮) ও জয়নাল আবেদিনের ছেলে সেতাবুল ইসলাম (১০) গত বৃহস্পতিবার বিকেলে সীমান্ত এলাকার জলাশয়ে মাছ ধরার জন্য জাল পেতে বাড়ি ফেরে। শুক্রবার ভোরে তারা জাল তুলতে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।ঠাকুরগাঁওয়ের ২ নম্বর রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এরশাদ হোসেন গতকাল প্রথম আলোকে জানান, বিডিআর ও বিএসএফের মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় হরিপুর সীমান্তের শূন্য রেখায় কমান্ডিং অফিসার ও ডিআইজি পর্যায়ে বৈঠক হয়েছে। এ ছাড়া ডেপুটি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। একটি বৈঠকে নেতৃত্ব দেন বিডিআরের পক্ষে ২ নম্বর রাইফেল ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার ইফতেখার আহমেদ এবং বিএসএফের পক্ষে ১২০ বিএসএফ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পি কে আনন। বৈঠকে বিএসএফ অভিযোগ করে, ওই পাঁচ শিশু-কিশোর সীমানার তারকাটা কেটে ফেলার চেষ্টা করছিল। বিডিআর এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পাঁচ শিশু-কিশোরকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে। এরশাদ হোসেন আরও জানান, বৈঠকে বিএসএফ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত শিশুদের ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত শিশুদের ফেরত দেওয়া হয়নি।