ধরে নেওয়ার দুদিন পর থানায় সোপর্দ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কর্মকর্তা মো. মুনসুর আহমেদকে (৫২) র্যা ব পরিচয়ে ধরে নেওয়ার দুই দিন পর গত মঙ্গলবার রাতে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
মুনসুরের স্ত্রী অভিযোগ করেন, গত রোববার ভোর রাতে উত্তরার ৪ নম্বরের সেক্টরের বাসা থেকে র্যা বের পোশাক পরা লোকজন তাঁর স্বামীকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই তিনি উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জডি) করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় র্যা বের পক্ষ থেকে বলা হয়, মুনসুর নামের কোনো লোককে আটক করা হয়নি। পরে রাতে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, মুনসুরকে র্যা ব আটক করেছে এবং গত মঙ্গলবার তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, র্যা ব-১ মঙ্গলবার মুনসুরকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। এতে বলা হয়, উত্তরার ১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়ক থেকে ১ হাজার ৯০০ ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুনসুর আহমেদের স্ত্রী নার্গিস শামিমা দাবি করেন, তাঁর স্বামী ডিএনসিসির চাকরিচ্যুত কর্মকর্তা। গত মে মাসে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
উত্তরা পূর্ব থানায় করা জিডিতে বলা হয়, ২৩ অক্টোবর ভোর পৌনে চারটার দিকে ১০ জন লোক মুনসুর আহমেদকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের বাসা থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। ওই ব্যক্তিরা বাসায় এসে ওপরে যেতে চাইলে দারোয়ান তাদের বাধা দেন। এ সময় তারা দারোয়ানকে মারধর করে।