ধরে রাখা গেল না ইকরামুলকেও
যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস উল্টে যাওয়ার ঘটনায় আরও এক শিক্ষার্থী আজ শুক্রবার সকালে মারা গেছে। তার নাম ইকরামুল হোসেন। সে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি শার্শা উপজেলার ছোটো আঁঁচড়া গ্রামে।
১৫ ফেব্রুয়ারি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের একটি বাস চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে সাত শিক্ষার্থী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। তাঁদের মধ্যে তিনজন এখনো যশোর সিএমএইচ ও একজন ঢাকা সিএমএইচে চিকিত্সাধীন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চৌগাছা থানায় চারজনকে আসামি করে মামলা করে। ওই মামলার দুই আসামি চালক ইসরাফিল ও সহকারী মহরম আলী আত্মসমর্পণ করেন। মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।
ইকরামুলের বাবা মনির হোসেন আজ প্রথম আলোকে জানান, আজ সকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে। দুর্ঘটনার পর তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। আটদিন পর জ্ঞান ফিরলে সে ওইদিন চা বিস্কুট ও পানি খেয়েছিল। এরপর সে আবার জ্ঞান হারায়। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়। সে ওইদিন বলেছিল, ‘বাবা আমার ব্যাগে ২০ টাকা ছিল।’
যশোর সিএমএইচের মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল আমিনুল ইসলাম জানান, ইকরামুলকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। মাঝে একদিন তাঁর জ্ঞান ফিরলেও আবার সে জ্ঞান হারায়। পরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।