ধর্ম অবমাননার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদীতে ধর্ম অবমাননার অভিযোগে আবদুল মতিন (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল মতিন উপজেলার দরাবান্দা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মীর্জাপুর মাদ্রাসার অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলার এজাহার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মতিন তাঁর নিজ এলাকা কুষ্টিয়ায় আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির লেখা সত্য গোপন থাকে না নামের একটি ধর্মীয় বই বিতরণ করেন। ওই বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রচার করেন। এলাকার জনপ্রতিনিধি ও আলেম ওলামারা ধর্মীয় অপব্যাখ্যা বন্ধ করতে বললেও তিনি শোনেননি। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আলেম ওলামারা মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী আবদুর রশিদ বলেন, সারা দেশে এমনিতেই জঙ্গি ও সন্ত্রাসী হামলার কারণে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে ধর্মের অপব্যাখ্যা দিয়ে আবদুল মতিন নামের ওই ব্যক্তি মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সেটা এখনই বন্ধ হওয়া উচিত।
মনোহরদী মডেল থানার ওসি এস এম আলমগীর হোসেন বলেন, ধর্মের অবমাননা ও অপব্যাখ্যার অভিযোগে দরাবান্দা মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মীর্জাপুর মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ একটি মামলা করেছেন। তাঁর কাছ থেকে কিছু বই উদ্ধার করা হয়েছে।