ধর্ম একটি বিশ্বাস, প্রতিষ্ঠান নয়, এর রাষ্ট্রীয়করণ অযৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধর্মনিরপেক্ষতা এবং কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান একসঙ্গে যেতে পারে না। এ ছাড়া ধর্ম একটি বিশ্বাস, প্রতিষ্ঠান নয়; এর রাষ্ট্রীয়করণ অযৌক্তিক। পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ফিরিয়ে আনার পাশাপাশি রাষ্ট্রধর্ম ইসলামকেও বহাল রাখা হয়েছে, যা পরস্পরবিরোধী। নির্বাচনের ওপর প্রভাব পড়ার ভয়ে এ ধরনের আপসকামিতার কারণে ধর্মনিরপেক্ষ দল হিসেবে আওয়ামী লীগ তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে।’ ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেছেন।সুজনের জেলা সভাপতি এ এইচ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে ওই বৈঠকে আরও বক্তব্য দেন: হাফেজ এ কে এম হাবিবুর রহমান, নজরুল ইসলাম, শিব্বির আহাম্মদ, বাদল গোস্বামী, আন্জুমানারা শুক্লা, জেলা সুজনের সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার প্রমুখ। বৈঠকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির বলেন, ‘মুক্তিযুদ্ধের বিনিময়ে রাষ্ট্রের দর্শন নির্মিত হয়েছিল। ওই দর্শন পরিবর্তন করার অধিকার জনগণ কাউকে দেয়নি। আমরা যদি বাহাত্তরের দিকে যেতে না পারি, তবে অন্ধকারের দিকে যাব।’জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে জনগণকে রাষ্ট্রের মালিকানা দেওয়া হলেও জনগণ সে স্বাদ পায়নি। সংবিধান সংশোধনে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটেনি। খ্রিষ্টান মিশনারিজের ফাদার সিমন হাজ্জা বলেন, ‘স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার থাকা দরকার। কিন্তু বর্তমান অবস্থায় মনে হচ্ছে, সংখ্যালঘুদের কোনো স্থান এ সংবিধানে নেই।’জেলা মহিলা পরিষদ সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমতার বিষয়টি ছিল। কিন্তু কার্যত এ বিষয়ে তেমন পদক্ষেপ লক্ষ করা যায়নি।’ জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি অধ্যাপক আতিকুর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে আদালত অবৈধ ঘোষণা করেছেন। এ বিষয়ে সংসদকে সিদ্ধান্ত নিতে বলেছেন। সে ক্ষেত্রে সংসদ এমন সিদ্ধান্ত নিয়েছে।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম বলেন, ‘আওয়ামী লীগের মূল লক্ষ্য ছিল বাহাত্তরে ফিরে যাওয়া। কিন্তু বিরাজমান বাস্তবতা ওই লক্ষ্যটিকে অনেক কঠিন করে ফেলেছে।