ধর্ম পালনের ভানকারীরাই সৃষ্টি করে সংঘাত: প্রধানমন্ত্রী

ধর্মের যথাযথ মর্যাদা রক্ষায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আসলে যারা ধর্ম পালনের নামে ধর্ম পালনের একটা ভান করে, তারাই ধর্মে-ধর্মে সংঘাত সৃষ্টি করে। ধর্মের ওপর যাদের বিশ্বাস ও আস্থা আছে, তারা কিন্তু কোনো অন্যায় পদক্ষেপ নিতে পারে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদ্যাপন ও আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওর কার্ডিনাল পদে উন্নীত হওয়া উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, ধর্মমন্ত্রী মতিউর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন ফ্রান্সিস সরোদ গোমেজ। শেখ হাসিনা বলেন, ‘ধর্মকে যথেচ্ছভাবে ব্যবহার করলে আসলে ধর্মকেই প্রকৃতপক্ষে খাটো করা হয়, মানুষের কাছে ছোট করা হয়, হেয় করা হয়। কিন্তু আমাদের দায়িত্ব যার যার ধর্মকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া। যেন কেউ কখনো কোনো ধর্ম সম্পর্কে অঙ্গুলিনির্দেশ করতে না পারে বা যেন হেয় করতে না পারে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ধর্মের সম্মান বজায় রাখা স্ব স্ব ধর্মের প্রত্যেকের দায়িত্ব। আমি একজন মুসলমান হিসেবে আমার ধর্ম পালন করি। তাই এই ধর্মের প্রতি আমার বিশ্বাস ও আস্থা আছে। অন্যরাও যেন বাংলাদেশে তার ধর্মটা যথাযথভাবে পালন করতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে চাই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘যিশুখ্রিষ্ট সব সময় আর্তপীড়িতকে সাহায্য করতেন; তাঁদের পাশে দাঁড়াতেন। প্রত্যেক ধর্মেই শান্তি, সহনশীলতা ও মানবতার কথা বলা হয়েছে। অনাহারক্লিষ্ট, রোগাক্রান্ত, অবহেলিত জনগোষ্ঠীকে সাহায্যের কথা বলা হয়েছে। কাজেই আমরা সব সময় এটাই বিশ্বাস করি, এই বাংলাদেশে সব ধর্মের সমান অধিকার থাকবে।’
প্রধানমন্ত্রী কার্ডিনাল মনোনীত হওয়া আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিশ্বে খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসিকে কার্ডিনাল পদে উন্নীত করেছেন। এই প্রথম আমরা এ পদে একজন বাঙালিকে পেলাম। সারা বিশ্বে মাত্র ১২১ জন কার্ডিনাল পোপ হিসেবে প্রার্থী হতে পারবেন, আবার পোপ নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই ভোটদানের অধিকারটা আজকে একজন বাঙালি পেয়েছেন।’ প্রধানমন্ত্রী দেশবাসীর পক্ষ থেকে সমগ্র খ্রিষ্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানান।
৩১ ডিসেম্বর ডট বাংলা ডোমেইন উদ্বোধন: ডট বাংলা ডোমেইন ৩১ ডিসেম্বর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফাইজুর রহমান চৌধুরী গতকাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন। পরে জনগণের ব্যবহারের জন্য এটি বিতরণ করা হবে।
ডোমেইনটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে গত ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য ডোমেইনটি বরাদ্দ লাভের পর এটি ব্যবহারকারীদের মাঝে বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকারি সূত্র জানায়, বিটিসিএল ডোমেইনের জন্য দরখাস্ত আহ্বান করবে। অনলাইনে ডট বাংলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল কোম্পানি টেলিটক এর রেজিস্ট্রেশন ফি গ্রহণ করবে।