ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন
ধর্ম-বর্ণনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরতামুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ধর্মবিশ্বাসী যাতে তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সরকার সে লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ও উৎসবের মেজাজে পবিত্র ঈদ, জন্মাষ্টমী ও পূজা উদ্যাপন করছে।দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এটা খুবই প্রত্যাশিত যে, সব মানুষ তাদের নিজ নিজ ধর্মানুষ্ঠান অবাধে পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের সাংবিধানিক অধিকার। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে আমরা সম্মিলিতভাবে এই দেশ স্বাধীন করেছি। ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। এর অর্থ, যার যার ধর্ম তাকে পালন করতে দেওয়া। প্রতিটি ধর্মের মর্মকথাই হচ্ছে সৌভ্রাতৃত্ব।’প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সবাই মিলে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা, যাতে বিশ্বের বুকে এ দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’ তিনি বলেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। মানবধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। দারিদ্র্য ও অশিক্ষাকে চিরতরে বিদায় দিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সব ধর্মাবলম্বীর সম-অধিকারে বিশ্বাসী। এ কারণে এ বছর দেশে সর্বোচ্চসংখ্যক ২৭ হাজার পূজামণ্ডপ স্থাপিত হয়েছে। এ সংখ্যা গত বছরের চেয়ে তিন হাজার বেশি। তিনি বলেন, অনুরূপভাবে এবার বাংলাদেশ থেকে ৯৪ হাজার মানুষ হজ পালনের জন্য আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।অনুষ্ঠানে মহানগর সর্বজনীন পূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক সি আর দত্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ এবং মহানগর পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক বাবুল দেবনাথও বক্তব্য দেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে গতকাল রামকৃষ্ণ মিশনেও যান।রাসেল ক্রীড়াচক্র প্রতিনিধি দলের সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের ৪৬তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড় ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে খেলাধুলার মান ও সক্ষমতা বাড়াতে দেশের ক্রীড়াঙ্গনের ক্লাবগুলোর মধ্যে অধিকতর প্রতিযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।প্রধানমন্ত্রী বলেন, ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেলে শীর্ষ পর্যায়ে বিশেষ করে বিদেশের মাটিতে খেলোয়াড়েরা নিজেদের তুলে ধরতে পারবেন। তিনি বলেন, দেশের সর্বত্র ক্রীড়াকে ছড়িয়ে দিতে পারলে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব হবে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা একটা অনেক বড় অর্জন। আগামী দিনেও এই সফলতা ধরে রাখতে তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান। শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এম এ করিম এবং শেখ রাসেল ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক ইসমত জামিল আকন্দও এ সময় উপস্থিত ছিলেন।