ধর্ম শিক্ষকের ভুয়া সনদে চাকরি?
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চারিপাড়া বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদ দিয়ে প্রায় দুই বছর ধরে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে।
গত সেপ্টেম্বর মাসে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জানান, ধর্ম শিক্ষক শরিফুল ইসলাম ২০১১ সালের ১৬ মে চাকরিতে যোগ দেন। তিনি যে বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরিটি পান, সেটি ছিল ২০০৭ সালের। কিন্তু ২০১৩ সালের সেপ্টেম্বরে গোপন সূত্রে জানতে পারেন, ধর্ম শিক্ষক শরিফুলের নিবন্ধন সনদটি জাল। পরে তাঁরা বিষয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভুয়া নিবন্ধনের বিষয়টি জানাজানি হলে শরিফুল শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি অসাধু চক্রের মাধ্যমে নিজ কাগজপত্র বিদ্যালয় থেকে সরিয়ে ফেলেন।
প্রধান শিক্ষক আনোয়ারা বেগম জানান, তিনি প্রধান শিক্ষক হওয়ার পর শরিফুল ইসলামের কোনো কাগজপত্র বিদ্যালয়ে পাননি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারপর আর কিছু জানেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে এলাকাবাসীর কাছ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ওয়েবসাইটে খোঁজ করি। কিন্তু ২০০৭ সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষর ফলাফলে ওই শিক্ষকের সনদে থাকা রোল নম্বর পাওয়া যায়নি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।পদক্ষেপ যা নেওয়ার তারা নেবেন।’
এদিকে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে।
উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য একটি তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে।