ধর্মঘট অব্যাহত ভোগান্তিতে যাত্রীরা
কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ সড়কে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। এতে তিন শতাধিক বাসের চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী।পরিবহন সূত্র জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় যুবলীগ ও ছাত্রলীগ নামধারী কতিপয় শ্রমিক প্রতিটি বাস থেকে ১০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছেন। এর প্রতিবাদে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন ওই ধর্মঘটের ডাক দেয়। নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীন জানান, বাস চলাচল বন্ধ থাকায় কিশোরগঞ্জ, ভৈরব ও ময়মনসিংহ এলাকার হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে। তবে স্থানীয় প্রশাসন, শ্রমিক ইউনিয়ন ও পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে ধর্মঘটের অবসান হতে পারে বলে তিনি জানান।ময়মনসিংহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম প্রথম আলোকে জানান, চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।স্থানীয় বাসিন্দা ও পেশাজীবীরা জানান, ধর্মঘটের কারণে তাঁদের যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এতে মানুষ নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে।